নির্বাচন কমিশন ও বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে পারবে না, ক্ষমতায় বসাতে পারবে এ দেশের জনগণ। আগামী নির্বাচনে আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়।
গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন সবার। কোনো দলের নয়। আমরা আশা করব নির্বাচন কমিশন সমান সুযোগ প্রদান করে তাদের আরোপিত সাংবিধানিক দায়িত্ব তারা যথাযথভাবে পালন করবে।’ তিনি বলেন, ‘ইসি কী করছে সেটা তো আমরা বলেছি; তারা যদি সংবিধানের বাইরে যায়, তার সমালোচনা আমরা করব, সে ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া দেব।’
মন্ত্রী আরও বলেন, ‘রাজধানীতে যেসব যানবাহন চলাচল করে সেগুলোর দৈন্যদশা, ফিটনেসও নেই। গাড়িগুলোর ভেতরে, বাইরে বডি ও গ্লাসগুলো ঠিক নেই। গাড়ির বাইরের দৃশ্য বিদেশিদের কাছে আমাদের লজ্জা দেয়।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অর্জনের যে উচ্চতা, সেই জায়গায় এগুলো আমাদের লজ্জা দেয়। আমরা বারবার পরিবহনমালিকদের অনুরোধ করেছি, আপনারা গাড়িগুলোর চেহারাসুরত ঠিক করে রাস্তায় নামান। আমি আবারও বলছি, অনতিবিলম্বে মালিকেরা যাতে সচেষ্ট হন; তা না হলে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করব।’
মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিভিন্ন যানবাহনে বিআরটিএর সতর্কতামূলক লিফলেট বিতরণ করেন। যানবাহনের ফিটনেস, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান মশিউর রহমান, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।