আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) এক থাকলে অন্য কেউ ক্ষমতায় আসতে পারবে না। গতকাল শনিবার সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেছেন বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী।
সরকারি দলের উদ্দেশে জাপার সাংসদ শওকত চৌধুরী বলেন, ‘জাতীয় পার্টির সহযোগিতায় আওয়ামী লীগ তিন-তিনবার ক্ষমতায় এসেছে। এ কথা ভুলে যাবেন না। আমাদের ফেলে দেবেন না। আমরা আছি বলেই আপনারা সুন্দর। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এক থাকলে ভবিষ্যতে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় ইউপি নির্বাচনে দাঙ্গা ও প্রাণহানির ঘটনা ঘটেছে।
অধিবেশনে জাতীয় পার্টির সাংসদ রুহুল আমিন হাওলাদার বক্তব্যের জন্য অতিরিক্ত সময় চাইলে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আপনাদের যেদিন নাম দেওয়া থাকে, সেদিন আপনারা উপস্থিত থাকেন না। এ জন্য সংসদে কোরাম ঠেকাতে হুইপদের অনেক কষ্ট করতে হয়। শেষের দিকে এসে আপনাদের বেশি সময় দেওয়া সম্ভব হয় না।’
এমপিওভুক্তিতে বিকল্প খোঁজা হচ্ছে: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান-গুলোকে এমপিওভুক্তির আওতায় আনতে বিকল্প খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বাজেট আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, সব সাংসদের দাবি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। এ জন্য নানা ধরনের বিকল্প প্রস্তাব তৈরি করা হচ্ছে। এ বিষয়ে অর্থমন্ত্রী মত দিয়েছেন। প্রধানমন্ত্রীরও নির্দেশনা রয়েছে। সুতরাং, এ ব্যাপারে সাংসদদের সহযোগিতা চান তিনি।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা রিজার্ভ রাখলাম ফেডারেল ব্যাংকে। এমন প্রযুক্তি শেখালাম, সেই টাকা চুরি করে নিয়ে গেল। তাহলে শুধু প্রযুক্তি দিয়ে হবে না। নৈতিকতার শিক্ষা দিতে হবে।’
এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘আমাদের এক শিক্ষক ছিল সাইফুর। সে শিক্ষকতা ছেড়ে দিয়ে কোচিং ব্যবসা শুরু করল। সে বলে, ভালো ইংরেজি শিখতে না পারলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে না। এমনকি হ্যাকারও হতে পারবে না। একজন শিক্ষক বলছে, চোর হতে হবে। এই হচ্ছে অবস্থা।’দক্ষ হ্যাকার হতে ইংরেজি শেখার বিজ্ঞাপন দেওয়ার কারণে সাইফুর’স কোচিং সেন্টারকে সমন জারি করা হয়েছে বলেও শিক্ষামন্ত্রী এ সময় জানান।
তারেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি: সরকারি দলের শামসুল হক বলেন, তারেক রহমান লন্ডনে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে হত্যার হুমকি দিয়েছেন। তিনি তারেক রহমানের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
বাজেট আলোচনায় আরও অংশ নেন মাহমুদ উস সামাদ চৌধুরী, হাজেরা খাতুন, মকবুল হোসেন, লুৎফা তাহের, শিরীন আখতার, শরীফ আহমেদ, রিফাত আমিন, হোসনে আরা বেগম প্রমুখ।