নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় ও ‘বিদ্রোহী’ প্রার্থীকে সহায়তা করার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ছয়জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরফকিরা ইউপি নির্বাচনে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ সলিম উল্যাহ ওরফে টেলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শফিকুল আলম চৌধুরী ওরফে সোহাগ মেম্বার, চরফকিরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন, চরহাজারী ইউনিয়ন যুবলীগের সদস্য মহিউদ্দিন ওরফে সোহাগ, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ‘বিদ্রোহী’ প্রার্থী মো. নুরুল হুদা চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ছয়জনকে দলীয় পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান প্রথম আলোকে বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় এবং ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করায় দলের শৃঙ্খলা রক্ষার্থে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।