আ.লীগ থেকে জাসদে
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগে ভাঙন দেখা দিয়েছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান সরোয়ার, উপজেলা যুবলীগ নেতা নূর সালাম ও সোলাইমান চিশতী তাঁদের প্রায় এক হাজার ২০০ অনুসারী ও সমর্থক নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ) যোগ দিয়েছেন।
এ নিয়ে গত শুক্রবার বিকেলে ভেড়ামারার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতা-কর্মীরা জাসদের কেন্দ্রীয় সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হাতে ফুলের তোড়া দিয়ে যোগ দেন। জানতে চাইলে হাসান সরোয়ার বলেন, ‘সত্যি কথা বলতে ভেড়ামারায় আওয়ামী লীগের তেমন নেতৃত্ব নাই। তা ছাড়া জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আদর্শ ভালো লাগে। এ জন্য নেতা-কর্মীদের নিয়ে জাসদে যোগ দিয়েছি।’
তথ্যমন্ত্রী বলেন, এখন বাংলাদেশের একমাত্র ভবিষ্যৎ জাসদ। কেবল জাসদের রাজনীতিই পারে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে।