আ.লীগ দল ভাঙায় বিশ্বাসী নয়: হানিফ
রাজনৈতিক দল ভাঙা-গড়ায় আওয়ামী লীগ বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, আওয়ামী লীগের অতীত ইতিহাস কখনো একে সমর্থন করে না।
আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১১ জানুয়ারি বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশ সফল করতে আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথসভা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
২০-দলীয় জোটের কয়েকটি দলকে ‘নানা সুযোগ দিয়ে’ সরানোর চেষ্টা করা হচ্ছে—বিএনপি নেতা হাফিজ উদ্দিনের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক দল ভাঙা-গড়ার কর্মকাণ্ড শুরু করেছিলেন জিয়াউর রহমান। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করে ক্ষমতা দখলের পর তা টিকিয়ে রাখার জন্য তিনি ভয়ভীতি দেখিয়ে, লোভ দেখিয়ে বিভিন্ন দল ভেঙে নেতা-কর্মী সংগ্রহ করেছিলেন। আওয়ামী লীগ কখনো দল ভাঙা-গড়ার রাজনীতিতে বিশ্বাস করে না।’