ফরিদপুর জেলা, নড়াইলের লোহাগড়া উপজেলা ও পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে গতকাল সোমবার ৪১তম মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: শহরের থানা রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একটি অংশ সকাল আটটায় এবং অন্য অংশ সকাল নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
অবশ্য দলীয় কার্যালয়ে আলাদাভাবে কর্মসূচি পালন করলেও আওয়ামী লীগের দুই অংশই পরে পৃথক শোভাযাত্রা করে শহরের অম্বিকা ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেয়।
একটি অংশের নেতৃত্ব দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা। তাঁর নেতৃত্বে সকাল আটটার দিকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি লোকমান হোসেন মৃধা, সাবেক সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্য অংশ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের নেতৃত্বে সকাল নয়টার দিকে দলীয় কার্যালয়ে অভিন্ন কর্মসূচি পালন করে। এ সময় আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সাবেক দুই সহসভাপতি শামসুল হক ও সমীর কুমার বোস, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজনীন হায়দার, সদস্যসচিব আইভী মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
লোহাগড়া (নড়াইল): লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান লিপি খানম। বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য শরিফুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আবদুল হান্নানের নেতৃত্বে আওয়ামী লীগের একটি অংশ লিপি খানমের পক্ষে ছিলেন। অন্যদিকে আশরাফুল আলমের পক্ষে ছিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমিরের নেতৃত্বে এক অংশ। নির্বাচনে আশরাফুল আলম জয়ী হন।
গতকাল ওই দুই পক্ষ শোক দিবসের কর্মসূচি একই সময়ে পৃথকভাবে পালন করেছে। শিকদার আবদুল হান্নানের নেতৃত্বের অংশটি জয়পুর শ্মশান চত্বরে দুপুরে আলোচনা সভার আয়োজন করে। এর আগে এখানে কোরআনখানি ও মিলাদ মাহফিল হয়। এতে যোগ দেন নড়াইল-২ আসনের (লোহাগড়া-নড়াইলের একাংশ) সাংসদ ওয়ার্কার্স পার্টির নেতা শেখ হাফিজুর রহমান। আলোচনা সভা শেষে গণভোজ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমীন। সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য দেন শিকদার আবদুল হান্নান, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান প্রমুখ।
অন্য পক্ষ একই সময়ে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় মঞ্চে আলোচনা সভার আয়োজন করে। পরে গণভোজ হয়। এখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির মফিজুল হক। উপস্থিত ছিলেন সৈয়দ ফয়জুল আমির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি দৌলত আহম্মেদ খান, উপজেলা যুবলীগের সভাপতি ও নবনির্বাচিত পৌর মেয়র আশরাফুল আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মঞ্জরুল করিম প্রমুখ।
পটুয়াখালী: বাউফল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় জনতা ভবন থেকে সকাল সাড়ে ১০টার দিকে শোক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাউফল হাইস্কুল মিলনায়তনে বাউফল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সামসুল আলম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন খান, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ফারুক প্রমুখ। পরে সেখানে কাঙালি ভোজের আয়োজন করা হয়।
বাউফল পৌরসভার মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হকের নেতৃত্বে উপজেলা শ্রমিক লীগ ও ছাত্রলীগের একাংশের কার্যালয় থেকে শোক র্যালি বের হয় এবং পৌরসভা-সংলগ্ন লিচুতলা মাঠে আলোচনা সভা ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। আলোচনা সভায় বাউফল উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এম জামান আহমেদ প্রমুখ বক্তব্য দেন।