আ.লীগ নয়, বিএনপিকে ধ্বংস করতে তারেক যথেষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ নয়, তারেক জিয়াই যথেষ্ট বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় জেলহত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে নানা মন্তব্য করায় তারেক রহমানের বক্তব্যের প্রেক্ষিতে নাসিম এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প ছিল না। আমরা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করেছি। ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে “মার্শাল ল” আসত। খালেদা জিয়া নির্বাচনে না এসে দেশে আন্দোলনের নামে জ্বালাও–পোড়াও এবং মানুষ হত্যা করেছেন। যত ষড়যন্ত্র করা হোক না কেন, ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না।’ এ সময় তিনি মন্তব্য করেন, বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ নয়, তারেক জিয়াই যথেষ্ট।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে নাসিম বলেন, শেখ হাসিনাকে উৎখাতের জন্য দেশে–বিদেশে চেষ্টা হচ্ছে। ভারতের বর্ধমান থেকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। এ জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমি প্রমুখ।

এর আগে মন্ত্রী ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।