আ.লীগ না করলে কেউ চাকরি পায় না: এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘গত দুই সরকারের আমলে প্রতিটি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয়নি। আমাদের সময় কোনো ঘুষ ছিল না। বর্তমান সময়ে যাঁরা আওয়ামী লীগ করেন, তাঁরাই শুধু চাকরি ও কাজ পান। আওয়ামী লীগ না করলে কেউ চাকরি, কাজ পান না।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর শহরের নছির আহম্মদ ভূঁইয়া মিলনায়তনে জাতীয় পার্টির জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এরশাদ। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাপার আহ্বায়ক ও সাংসদ এম নোমান।
সম্মেলনে এরশাদ আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। ঘরে ঘরে হাওয়া ভবন তৈরি হবে, মানুষ গুম হবে, খুন হবে। তারেক রহমানকে মানুষ ভয় পায়, তাঁর কথা শুনলে মানুষের রক্ত ঠান্ডা হয়ে যায়।
জেলা জাতীয় পার্টির সদস্যসচিব এম আর মাসুদের পরিচালনায় সম্মেলনে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ, প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।