রংপুর জেলায় দুই সপ্তাহে পুলিশের বিশেষ অভিযানে প্রায় দেড় হাজার ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তবে আওয়ামী লীগের নেতা ও এক কলেজছাত্র হত্যা মামলায় এখনো কেউ ধরা পড়েননি।
১৩ মে মিঠাপুকুর ডিগ্রি কলেজের ছাত্র পল্লব চন্দ্র রায় (১৭) ও ২২ মে সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন (৫৫) সন্ত্রাসীদের হাতে নিহত হন।
পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক জানান, ১০ মে থেকে গতকাল ভোর পর্যন্ত আট উপজেলায় প্রায় দেড় হাজার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের অধিকাংশই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যসহ চুরি, ডাকাতি, সহিংসতা, নাশকতার মামলার আসামি। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। সেই সঙ্গে জামায়াত-শিবির, জঙ্গি ও জেএমবির সদস্যদের ধরতেও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতী এলাকায় মিঠাপুকুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী পল্লব চন্দ্র রায় হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত বুধ ও বৃহস্পতিবার উপজেলায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এ হত্যার ঘটনায় নিহত শিক্ষার্থীর চাচি চন্দনা রায় বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মিঠাপুকুর থানায় রোববার একটি হত্যা মামলা করেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে সদর উপজেলার গোকুল গ্রামে ছুরিকাঘাতে আহত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান। আবুলের ছেলে রবিউল ইসলাম ছয়জনের নামে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় লোকজন গত দুই দিন বিক্ষোভ করেন।
কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা বাড়ি ছেড়ে পালিয়েছেন। শিগগিরই তাঁদের গ্রেপ্তার করা হবে।