ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা জজকোর্টের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মহিউদ্দিন আহমেদ খানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার শহরে তাণ্ডবের ঘটনার সময় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ।
মহিউদ্দিন আহমেদ খান গত সোমবার হামলার শিকার শহরের কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি। গতকাল রোববার আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসাছাত্রদের ব্যাপক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ তাণ্ডবের ঘটনার পরিপ্রেক্ষিতে গত শনিবার সন্ধ্যায় দলের কার্যকরী কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মহিউদ্দিন আহমেদকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।
মহিউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘আমি মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি। সংঘর্ষের ঘটনাটি সমাধানের চেষ্টা চালিয়েছি। কেন আমাকে বরখাস্ত করা হয়েছে, জানি না।’
ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক: মঙ্গলবারের হামলা ও অগ্নিসংযোগের শিকার সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন গতকাল পরিদর্শন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় তিনি এই প্রতিষ্ঠানটিকে সংস্কার করে যতদূর সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
লিয়াকত আলী লাকী বলেন, যারা সংস্কৃতির ওপর হামলা করেছে, তারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতির বিরোধী অশুভ শক্তি। এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণ উৎসব করার জন্য স্থানীয় সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানান। পরে তিনি জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেনসহ অতিথিদের সঙ্গে নিয়ে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় পরিদর্শন করেন। দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
সংবাদ সম্মেলন: জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মুনিরুজ্জামান সিরাজী গতকাল সংবাদ সম্মেলন করে তাঁকে নিয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। শহরজুড়ে চালানো তাণ্ডবের উসকানিদাতা হিসেবে তাঁকে দায়ী করেছিলেন আওয়ামী লীগের নেতারা।
ব্রাহ্মণবাড়িয়ার ‘ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা’র ব্যানারে গতকাল দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুনিরুজ্জামান সিরাজী। এ সময় তিনি আওয়ামী লীগের নেতাদের বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।