পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় কে এম লতিফ ইনস্টিটিউশনের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আজিজুল হক মাতুব্বরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার দুপুরে আজিজুল হক মাতুব্বর জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনার পর বিকেলে তিনি সংবাদ সম্মেলন করে জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
জিডিতে বিবাদী করা হয়েছে স্থানীয় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য আজিম উল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও লোকমান হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ, যুবলীগ নেতা শাহীন শরীফসহ অজ্ঞাতনামা আট ব্যক্তিকে।
জিডি সূত্রে জানা গেছে, আজিজুল হক মাতুব্বর মঠবাড়িয়ার শহরে অবস্থিত কে এম লতিফ ইনস্টিটিউশনের দাতা সদস্য। তাঁর দাতা সদস্যের মেয়াদ আগামীকাল রোববার শেষ হচ্ছে। গত বৃহস্পতিবার বিকেলে পৌর ভবনের সামনের সড়কে দাতা সদস্য হতে ইচ্ছুক উল্লিখিত বিবাদীরা আজিজুলকে পুনরায় দাতা সদস্য না হওয়ার জন্য হুমকি দেন। এরপর তাঁরা আজিজুল হককে দাতা সদস্য না করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও ভয়ভীতি দেখান। এর জের ধরে গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে আজিম উল হকসহ অন্যরা খুন ও জখমের উদ্দেশ্যে পৌর শহরের নিউমার্কেট মহল্লায় আজিজুল হকের বাড়ি যান। এ সময় তাঁরা আজিজুল হককে বিদ্যালয়ের দাতা সদস্য হলে খুন করার হুমকি দেন। আজিজুল হক তাৎক্ষণিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানালে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্লিখিত বিবাদীদের পালিয়ে যেতে দেখেন। আজিজুল হক জিডিতে উল্লেখ করেন, বিবাদীদের কার্যকলাপের দৃশ্য তাঁর বাড়ির সিসি ক্যামেরায় ধারণ করা রয়েছে।
এদিকে গতকাল বিকেলে আজিজুল হক মাতুব্বর সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, দলের সন্ত্রাসীদের ভয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবাদীরা অত্যন্ত খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। ২০১৬ সালের ২৫ জুলাই আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা লিটনকে হত্যার ঘটনায় উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদকে আগ্নেয়াস্ত্র জব্দ করে পুলিশ। আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগে আদালতে অভিযোগপত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ রয়েছে।
জেলা পরিষদ সদস্য আজিম উল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই রাতে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে নিয়ে মিরুখালী ইউপি চেয়ারম্যান সোবাহান শরীফের বাসায় সালিস বৈঠক শেষে বাসায় ফিরছিলাম। আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিডি করা হয়েছে।’