মাগুরায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের চাপের মুখে প্রকৃত কৃষকেরা খাদ্যগুদামে গম বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এই অবস্থায় চাপের মুখে মহম্মদপুর উপজেলায় গম সংগ্রহ অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে এ জেলায় মোট ২ হাজার ৮৫৪ মেট্রিক টন গম কেনা হবে। এর মধ্যে রয়েছে সদরে ৮২৪ মেট্রিক টন, শ্রীপুরে ৭৮৪ মেট্রিক টন, শালিখায় ৩৮৯ মেট্রিক টন ও মহম্মদপুর উপজেলায় ৮৫৭ মেট্রিক টন। ১৮ এপ্রিল থেকে গম কেনা শুরু হয়, ৩০ জুন শেষ হবে। সরাসরি কৃষকদের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে গম কেনা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন গম বিক্রি করতে পারবেন। গতকাল রোববার পর্যন্ত এ জেলায় মোট ৬৫৮ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সদরে ২৬৫ মেট্রিক টন, শ্রীপুরে ১০০ মেট্রিক টন, শালিখায় ২৮০ মেট্রিক টন ও মহম্মদপুরে ১৩ মেট্রিক টন। মহম্মদপুরে গম সংগ্রহ বন্ধ রয়েছে। তা ছাড়া শ্রীপুরে সংগ্রহ অভিযান শুরু হয়েছে ৮ জুন থেকে।
ব্যবসায়ীদের কাছ থেকে গম কেনার জন্য ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের চাপের মুখে গত বুধবার থেকে মহম্মদপুরে গম সংগ্রহ অভিযান বন্ধ করে দেয় খাদ্য বিভাগ। ওই দিন দলীয় নেতা-কর্মীরা ব্যবসায়ীদের দিয়ে অন্তত ৩০০ মেট্রিক টন গম খাদ্যগুদামে পাঠান। খাদ্য বিভাগ ওই গম নিতে রাজি না হওয়ায় পরে তাঁরা গম নিয়ে ফিরে যান।
জানতে চাইলে মহম্মদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ বিশ্বাস বলেন, ‘ক্ষমতাসীন দলের কয়েকজন স্থানীয় নেতা-কর্মী ব্যবসায়ীদের কাছ থেকে গম নেওয়ার জন্য প্রবল চাপ দিচ্ছেন। এ কারণে কার্যালয়ে বসতে পারছি না।’
উপজেলার নিখোড়হাটা গ্রামের গমচাষি শফিকুল ইসলাম, ছাবিনগরের বিশ্বজিৎ রায়, পারলা গ্রামের সবুর মোল্লা বলেন, তাঁরা চেষ্টা করেও খাদ্যগুদামের কাছে ঘেঁষতে পারেননি। তাই খোলাবাজারের ব্যবসায়ীদের কাছে গম বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
মহম্মদপুর সদরের কৃষক আবু সাইদ মিয়া বলেন, ‘আমরা খাদ্যগুদামে গম বিক্রির অনুমতিপত্র পাইনি। অথচ নছিমন-ভটভটিতে করে শত শত মণ গম গুদামে আসতে দেখছি।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, রাজনৈতিক দলের কিছু অসাধু নেতা-কর্মী ব্যবসায়ীদের সঙ্গে আঁতাত করেছেন। তাঁরা বরাবরই এটা করেন। যে কারণে প্রকৃত কৃষকেরা গম দিতে পারছেন না।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নানামুখী চাপের কারণে আমরা কৃষকের কাছ থেকে গম সংগ্রহ করতে সমস্যায় পড়েছি। এ কারণে গত বুধবার থেকে মহম্মদপুরে সংগ্রহ অভিযান আপাতত বন্ধ রেখেছি।’ তিনি আরও বলেন, ‘কৃষি বিভাগ থেকে জেলায় প্রায় ১ হাজার ৫০০ জন গমচাষির তালিকা দিয়েছে। ওই তালিকা অনুযায়ী আমরা প্রকৃত কৃষকদের কাছ থেকে গম কিনতে চাই। খোলাবাজারের চেয়ে গুদামের জন্য প্রতি কেজি গমের সরকারি দাম ছয়-সাত টাকা বেশি। যে কারণে তাঁরা (নেতারা) রীতিমতো প্রতিযোগিতায় নেমেছেন। নানা ঝামেলা পাকাচ্ছেন। তবে সরকারি নীতিমালার বাইরে আমরা গম কিনব না।’