আ.লীগ নেতাদের লাভের জন্য ১০ টাকায় চাল: বিএনপি
আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের অনৈতিকভাবে লাভবান করাতে সরকার ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান এই অভিযোগ করেন।
শামসুজ্জামান বলেন, ‘প্রতারণার মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করে সাধারণ মানুষকে ঠকিয়ে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মোটাতাজাকরণের যে প্রকল্প গ্রহণ করেছে, তা শাসকগোষ্ঠীর জন্য বুমেরাং হবে।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান অভিযোগ করেন, যে প্রক্রিয়ায় এই চাল বিপণন হচ্ছে তাকে শুধু লুটপাটই আখ্যা দেওয়া যায়। ডিলার নিয়োগ থেকে শুরু করে চাল বিতরণে তালিকা প্রণয়ন, বিতরণ—সবই চরমভাবে দলীয়করণ করা হয়েছে। গরিব মানুষের মাঝে বিতরণের কথা বলে এখন এই চালের বিপণন কার্ড পাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মী, তাদের দলীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের আত্মীয়স্বজন, নিকটজন এবং তাদের সমর্থক ধনী ও সচ্ছল ব্যক্তিরা।
ভোটাধিকার রক্ষার আহ্বান: বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভোটাধিকার রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামতে হবে। রাস্তায় নামা ছাড়া জনগণকে এ সরকারের হাত থেকে রক্ষার কোনো বিকল্প নেই। তিনি দাবি করেন, সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ জ্যেষ্ঠ নেতাদের সাজা দিয়ে তাঁদের নির্বাচনের বাইরে রেখে আরেকটি প্রহসনের নির্বাচন করার পরিকল্পনা করছে। এ জন্য মামলাগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস দাবি করেন, বিএনপি ভারত বা যুক্তরাষ্ট্র নয়, শুধু জনগণের সমর্থন আশা করে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব–উন–নবী খানের মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপি ওই সভার আয়োজন করে।
চীনা প্রেসিডেন্টের সফরকে স্বাগত: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফরকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই সফরকালে চুক্তি করার ক্ষেত্রে দুই দেশের স্বার্থ রক্ষার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেছেন, ‘অন্যের লাভের জন্য যেন আমার ঘাড়ে চাপ না পড়ে।’
গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় দুর্গাপূজা উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গয়েশ্বর এ মন্তব্য করেন। তিনি বলেন, চীনের প্রেসিডেন্টের সফরে তাঁরা ভালো কিছু আশা করছেন।