আ.লীগ নেতার ছেলের হাতে ছাত্রলীগ নেতা জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদ চৌধুরীসহ (৩২) দুজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছেন আওয়ামী লীগ নেতার ছেলে ও তাঁর সহযোগীরা। এর প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা দৌলতদিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন। পরে হামলার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
ছাত্রলীগ নেতা আসাদ বলেন, সন্ত্রাসী হামলায় আহত আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদকে দেখে গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে বাইরে চলে যান। এ সময় তাঁকে পেছন থেকে ডাক দেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মতিয়ার রহমানের ছেলে ওষুধ ব্যবসায়ী সাইদুর রহমান (৩২)। এর আগে আসাদের অনুরোধে এলাকার এক ব্যক্তি সাঈদের দোকান থেকে বাকিতে এক হাজার টাকার ওষুধ নেন। সেই টাকার জন্য আসাদকে চাপ দেন সাঈদ। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিলেও চড়াও হন সাঈদ। একপর্যায়ে কাঠের খণ্ড ও ধারালো অস্ত্র দিয়ে সাঈদ ও তাঁর সহযোগী সাইফুল ইসলাম শাহিন তাঁর (আসাদ) ওপর হামলা করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা উপজেলার ছোটভাকলা ইউনিয়ন যুবলীগের সদস্য মফিজ শেখ (৩৯) এগিয়ে এলে তাঁকেও পেটানো হয়।
স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসাদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা-কর্মীরা দৌলতদিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলীসহ আওয়ামী লীগের নেতারা হামলাকারীদের গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন বলেন, আসাদের বাঁ চোখের পাশে গভীর ক্ষত হয়েছে। ১৪টি সেলাই দিতে হয়েছে। অল্পের জন্য চোখটি রক্ষা পেয়েছে।
গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সাঈদ ও শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। সাঈদ মারধর করার কথা স্বীকার করেছেন। দুজনকে গতকাল রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।