আ.লীগ নেতার নিয়োগ-বাণিজ্য!
রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নিয়োগ–বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এক যুবকের কাছ থেকে বিদ্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগের জন্য সাড়ে সাত লাখ নেওয়ার পরেও তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। এমনকি তাঁকে নিয়োগ পরীক্ষায় অংশ নিতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
নিয়োগবঞ্চিত উপজেলার বেনিপুর গ্রামের মজনুর রহমান বলেন, নরদাশ বহুমুখী উচ্চবিদ্যালয়ে অফিস সহকারী পদে নিয়োগের জন্য গত মে মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে তিনি আবেদন করেন। চাকরিটি পেতে তিনি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সফি কামালের সঙ্গে যোগাযোগ করেন। আওয়ামী লীগ নেতা আট লাখ টাকা দাবি করেন। পরে তিনি জমি বিক্রি ও দাদন নিয়ে সাড়ে সাত লাখ টাকা পরিশোধ করেন।
ওই পদে গত শুক্রবার নিয়োগ পরীক্ষা হয়। তিনি পরীক্ষা দিতে এলে তাঁকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। তাঁকে নিয়োগ দেওয়া যাবে না বলেও সভাপতি জানিয়ে দেন। তিনি অভিযোগ করেন, গোলাম রাব্বানী নামের এক প্রার্থীর কাছ থেকে ওই পদে নিয়োগের জন্য ১২ লাখ টাকা নেওয়া হয়েছে। এ জন্য তাঁকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।
নিয়োগ কমিটির সদস্য ও নরদাশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, গোলাম রাব্বানী নামের একজনকে নির্বাচিত করা হয়েছে। মজনুরের কাছ থেকে নেওয়া টাকার কিছু অংশ ফেরত দেওয়া হবে। তবে এর বেশি কিছু তিনি বলতে চাননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মুস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন, মজনুরের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া না হলে রেজ্যুলেশনে স্বাক্ষর করবেন না তিনি।
নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, নিয়োগ–বাণিজ্যের বিষয়টি তিনি শুনেছেন।
আওয়ামী লীগ নেতা সফি কামাল নিয়োগের জন্য গোলাম রাব্বানীর কাছে মুঠোফোনে নিয়োগ–বাণিজ্য সম্পর্কে জানতে চাইলে জবাব না দিয়ে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
নির্বাচিত প্রার্থী গোলাম রাব্বানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর এক নিকট আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই পদের জন্য বিদ্যালয়ের সভাপতিকে ১০ লাখের বেশি টাকা দেওয়া হয়েছে।