কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে জেলা নির্বাচন কার্যালয়। গতকাল শনিবার তাঁর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজবাহ উদ্দিন। তবে মনোনয়নপত্র ও নির্বাচনে অংশগ্রহণের বৈধতার জন্য মোতায়েম হোসেন আপিল করবেন বলে জানিয়েছেন।
এর আগে পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন এবং নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ৩১ অক্টোবর পৌরসভা নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের ভোটে দলীয় মনোনয়নের জন্য নির্বাচিত হন মোতায়েম হোসেন। কিন্তু কেন্দ্র থেকে তাঁকে মনোনয়ন না দিয়ে মিজবাহ উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়। এ নিয়ে মনোনয়নবঞ্চিত মোতায়েমের সমর্থকেরা বিক্ষোভ, সমাবেশ ও টানা দুই দিন হরতাল পালন করেন।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম জানান, মেয়র পদে আওয়ামী লীগের দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে মোতায়েম হোসেন দলীয় প্রধানের মনোনয়নসংক্রান্ত প্রত্যয়ন দেখাতে ব্যর্থ হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়।