আ.লীগ নেতার বাধায় স্কুলের সংস্কার বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামতকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না পেয়ে তিনি কাজ বন্ধ করেছেন বলে বিদ্যালয়ের কর্তৃপক্ষ অভিযোগ করেছেন। জনপ্রতিনিধি হওয়ার পরেও তিনি এ কাজ করেছেন।
এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি গতকাল শুক্রবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সলপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন মেরামতের জন্য চলতি অর্থবছরে প্রাথমিক শিক্ষার জন্য উন্নয়ন প্রকল্পের (পিডিবি ৩) আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। ২০ জুন এ কাজের জন্য রড, সিমেন্ট, কাঠসহ প্রয়োজনীয় উপকরণ কিনে তা বিদ্যালয় চত্বরে রাখা হয়। গতকাল সকাল নয়টার দিকে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবন মেরামতের কাজের জন্য চারজন শ্রমিক নিয়োগ করেন। মেরামতের কাজ শুরু হয়েছে—এমন খবর পেয়ে সেলবরষ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওই ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ইকবাল হোসেন সকাল ১০টায় সেখানে যান। এ সময় তিনি প্রধান শিক্ষক ও সভাপতি তাঁর সঙ্গে কথা না বলা পর্যন্ত কাজ করতে দেওয়া হবে না বলে শ্রমিকদের সেখান থেকে চলে যেতে বলেন। তাঁর কথামতো শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে যান।
প্রধান শিক্ষক সৈয়দ শামছুদ্দোহা অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের নেতা ইকবাল হোসেন বিদ্যালয়ের এ কাজের জন্য আমার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি এ টাকা দিতে রাজি না হওয়ায় তিনি শ্রমিকদের সেখান থেকে বিদায় করে দিয়েছেন। এ পরিস্থিতিতে বিদ্যালয়ের কাজ শুরু করা হলে আমাদের প্রাণনাশের আশঙ্কা রয়েছে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুস সালাম বলেন, ইকবাল হোসেন এলাকায় খুবই প্রভাবশালী লোক। তাঁর ভয়ে বিদ্যালয়ের ভবন মেরামতের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
চাঁদা দাবি ও বিদ্যালয়ের ভবন মেরামতের কাজ বন্ধ করার অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’ তিনি বলেন, ‘আমি বিদ্যালয় পরিচালনা কমিটির একজন দাতা সদস্য। এ বিদ্যালয়ের উন্নয়নকাজের জন্য কত টাকা বরাদ্দ এসেছে তা জানতে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। চাঁদা চাওয়া ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমাকে ফাঁসাতেই এ ঘটনা সাজানো হয়েছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, তিনি এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন। তিনি এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
ধরমপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, ‘এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’