কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সাদিকুজ্জামান খান ওরফে সুমনেরিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলের স্থানীয় নেতা-কর্মীদের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও দলীয় নেতারা এ অভিযোগ তোলেন। দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়েন শেখ ফজিলাতুনন্নেছা মুজিব মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ আল আজম। উপস্থিত ছিলেন উপজেলার পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ, হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান লস্কর প্রমুখ।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সাদিকুজ্জামান আওয়ামী লীগের রাজনীতি করলেও তাঁর মামা মঙ্গল সরকার দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। শ্বশুর বিষু সরকার বিএনপির স্থানীয় নেতা। তাঁর এক আত্মীয় ২০০৮ সালে এলজিইডিতে কর্মরত থাকা অবস্থায় কুষ্টিয়ার বিভিন্ন সন্ত্রাসীদের যোগসাজশে তিনি (সাদিকুজ্জামান) দরপত্র নিয়ন্ত্রণ করতেন। এভাবে কয়েক বছরে শত কোটি টাকার মালিক হয়ে যান তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, চলতি বছরের জুলাই মাসে সাদিকুজ্জামান নিজে আওয়ামী লীগের স্থানীয় নেতা হাবুলের মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁকে উঠিয়ে নিয়ে যান। পরে তাঁকে গুরুতর আহত করে হাকিমপুর বাজারে ফেলে রেখে যান। এর আগে ২০১৪ সালের ১৫ মে কলেজশিক্ষক ওহিদুজ্জামান শাফিউলকে সাদিকুজ্জামান একইভাবে তুলে নিয়ে গিয়ে তাঁর বাহিনী দিয়ে নির্যাতন চালান। এ ছাড়া আওয়ীমী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকে হয়রানি ও তাঁদের বাড়িতে লুটপাট চালানোর অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে সাদিকুজ্জামান বলেন, ‘এগুলো সব সাজানো। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাকে হেয় করতে দলের একটি পক্ষ ও আর কিছু লোক এসব অভিযোগ তুলছে।’