আ.লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ও হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজীর বিরুদ্ধে ওই ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।
গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের হাড়িয়াইন বাজার এলাকার ভূঁইয়া কিন্ডারগার্টেন মাঠে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উত্তম সরকার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।
মোস্তফা কামাল বলেন, ২০১৩-১৪ অর্থবছরে এলজিএসপি থেকে ইউনিয়নের জন্য দুই কিস্তিতে ১৩ লাখ ৬ হাজার ৯৭৪ টাকা বরাদ্দ আসে। এই টাকায় বিভিন্ন ওয়ার্ডে ১০টি প্রকল্প বাস্তবায়নের কথা। চেয়ারম্যান সোহরাব হোসেন তা উত্তোলনও করেন। কিন্তু অর্থবছর শেষ হয়ে গেছে। আজ পর্যন্ত একটি প্রকল্পেরও কাজ শুরু হয়নি।
ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন দাবি করেন, বর্ষাকাল থাকায় মালামাল নেওয়ায় অসুবিধার কারণে তিনি কাজ শুরু করতে পারেননি। সংবাদ সম্মেলন প্রসঙ্গে চেয়ারম্যান দাবি করেন, ‘এঁরা এক অংশের লোকজন। আওয়ামী লীগের প্রকৃত নেতা-কর্মীরা আমার সঙ্গে আছেন।’