আ.লীগ নেতার হাতে দুই কর্মকর্তা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসা কর্মকর্তাকে উপজেলা আওয়ামী লীগের এক নেতা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. আফজাল হোসেন ও উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের নেতা ইব্রাহিম ফারুকের বিরুদ্ধে এই অভিযোগ করেন। ইব্রাহিম ফারুক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা জানান, শনিবার রাত ১১টায় ফোরকান নামে আহত এক দলীয় কর্মীকে নিয়ে ফারুকসহ ১০-১৫ জন নেতা-কর্মী স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। জরুরি বিভাগে কাউকে না পেয়ে তাঁরা চিৎকার ও গালাগাল করতে থাকেন। এ সময় দায়িত্বে থাকা উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দৌড়ে আসেন। পরে মোস্তাফিজুরের শার্টের কলার ধরে মারধর করতে থাকেন ইব্রাহিম। একপর্যায়ে জরুরি বিভাগ থেকে তাঁকে বের করে দেওয়া হয়। ততক্ষণে দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তাও চলে আসেন। তিনি বিষয়টি জানতে চাইলে তাঁকেও লাঞ্ছিত করে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের করে দেওয়ার হুমকি দেন ইব্রাহিম।

মোস্তাফিজুর বলেন, ‘ঘটনার মাত্র দুই মিনিট আগে আমি নাশতা খাওয়ার জন্য একটু বাইরে যাই। চিৎকার ও গালাগালের শব্দ শুনতে পেয়ে ছুটে আসি। বিষয়টি বলার আগেই আমাকে মারধর করে বের করে দেওয়া হয়।’ চিকিৎসা কর্মকর্তা আফজাল হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ক্যামনে চাকুরি করমু? এহন জোর যার মুল্লুক হ্যার।’

তবে ইব্রাহিম ফারুক বলেন, মারধরের ঘটনা ঘটেনি। জরুরি বিভাগে চিকিৎসক না পেয়ে জনগণ ক্ষিপ্ত হয়ে একটু বকাবকি করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম মুঠোফোনে বলেন, তিনি গত চার দিন বাউফলে নেই। ফিরে এসে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।