আ.লীগ নেতারা চাইলেন বিএনপি নেতার জামিন
বিএনপি-জামায়াত জোটের অবরোধ চলাকালে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ আবুল কালামের জামিনের আবেদনের শুনানিতে দুজন নেতা ও আইনজীবীর অংশ নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত ২০ জানুয়ারি ওই শুনানি অনুষ্ঠিত হয়। আদালত পরবর্তী শুনানি পর্যন্ত আবুল কালামের জামিন মঞ্জুর করেন। শুনানিতে অংশ নেন আইনজীবী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা ও জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান (দীপু)। তাঁরা নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের অনুগত হিসেবে পরিচিত। আবুল কালামের পক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান, যিনি বিএনপির সমর্থক।
এ ব্যাপারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবদুল হামিদ ভাসানী বলেন, গত ৫ জানুয়ারির পর থেকে দায়ের হওয়া এ ধরনের মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদেরও আদালত জামিন দিচ্ছেন না। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের একজন প্রভাবশালী সাংসদের সঙ্গে আবুল কালামের গোপন আঁতাত আছে বলে অভিযোগ করেন তিনি। আবুল কালাম বলেন, ‘আমি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছি, আদালত দিয়েছেন। আইনজীবী সমিতির সভাপতি ছাড়াও আনিসুর রহমান ও খোকন সাহা আমার পক্ষে জামিনের আবেদনের শুনানি করেছেন। আমার সঙ্গে কারও গোপন আঁতাত নেই।’
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ জানুয়ারি বন্দর উপজেলার নবীগঞ্জে চৌরাপাড়া এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াতের কর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় বন্দর থানার এসআই বিপুল চন্দ্র দাস বাদী হয়ে ৬৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলার ৬৮ নম্বর আসামি আবুল কালাম গত ২০ জানুয়ারি নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
জামিনের আদেশনামার এক অংশে আদালত উল্লেখ করেছেন, আনিসুর রহমান ও খোকন সাহা আসামির জামিনের পক্ষে নিবেদন করে জানান, আসামি একজন বয়স্ক ও অসুস্থ লোক। তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন। এজাহারে আসামির তালিকায় ৬৮ নম্বরে নাম থাকলেও তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই।
মুঠোফোনে যোগাযোগ করা হলে আনিসুর রহমান ও খোকন সাহা একই ধরনের বক্তব্য দেন। তাঁরা বলেন, নিয়মিত আইনজীবী না হলেও আবুল কালাম জেলা আইনজীবী সমিতির একজন সদস্য। সেই হিসেবে তাঁরা আবুল কালামের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন।