খুলনায় ছাত্রলীগ নেতা সৈকত হাসান রোহান হত্যার ঘটনায় মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক জেড এ মাহমুদ ডনসহ ১১ জনের বিরুদ্ধে সংশোধিত এজাহার দিয়েছেন নিহত রোহানের মা রাশিদা বেগম।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সংশোধিত এজাহারের এই আবেদন জমা দেওয়া হয়। এর আগে ১ সেপ্টেম্বর অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে মামলা করেছিলেন রোহানের মা।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, রোহানের মায়ের এজাহার সংশোধনের আবেদন গ্রহণ করা হয়েছে।
সংশোধিত এজাহারের অন্য আসামিরা হলেন পূর্ব বানিয়া খামার এলাকার দুই ভাই মিজান ওরফে দাদো ও মিরাজ, লোহার গেট এলাকার দুই ভাই আল আমিন ও তৌহিদ, কালা মুরাদ, একরাম, ইব্রাহিম ওরফে খবিস, কালা আকাশ, তুহিন ও রাজন।
গত ৩১ আগস্ট রাতে শহরের পিটিআই মোড়ে রোহানকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই তাঁর মৃত্যু হয়।
সংশোধিত এজাহারের আবেদনে বলা হয়েছে, বাদী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় ১ সেপ্টেম্বর মামলা করার সময় কোনো আসামির নাম দিতে পারেননি। কিছুটা সুস্থ হয়ে জানতে পারেন, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনের নির্দেশে অন্য আসামিরা তাঁর ছেলে রোহানকে কুপিয়ে হত্যা করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, মহানগর ছাত্রলীগের সাবেক নেতা রোহান একসময় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের একটি অংশের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন।