আ.লীগ পরনির্ভরশীল দল নয়: আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ আওয়ামী লীগ: ইতিহাস, গৌরব, ঐতিহ্য’ শীর্ষক এক সেমিনারে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়। বাংলাদেশের প্রতিটি ইতিহাসের সঙ্গে রয়েছে আওয়ামী লীগের নাম। তিনি বলেন, আওয়ামী লীগ পরনির্ভরশীল কোনো দল নয়, এটা তৃণমূলনির্ভরশীল দল।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদ।
সেমিনারে দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার বর্তমান সরকারকে সবচেয়ে গণমাধ্যমবান্ধব সরকার বলে উল্লেখ করেন।
তিনি বলেন, কোনো ভোটের হিসাব-নিকাশ নয়, আওয়ামী লীগ যে অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি করে, সেটা বজায় রাখতে হবে। এটা নিয়ে কোনো রকম আপস করা চলবে না।
অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, নাগরিক সমাজের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব বাড়ছে। তিনি এই দূরত্ব কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
মূল প্রবন্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশীদ ১৯৪৯ সাল থেকে ২০১৬ পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস, সংগ্রাম ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদের চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য আমীর-উল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ জ ম শফিউল আলম ভূঁইয়া, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।
সরকার পরিবর্তন বুলেটে নয়, ব্যালটে: আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনের ঘোষণাপত্রে বাংলাদেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দিকনির্দেশনা থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঘোষণা উপকমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, সরকার পরিবর্তন বুলেটে নয়, ব্যালটে হবে। সেই বিষয়টিও ঘোষণাপত্রে উল্লেখ থাকবে।
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ঘোষণা উপকমিটির বৈঠকে শেখ সেলিম এসব কথা বলেন। বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দিপু মনিসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারে দপ্তর উপকমিটির সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেছেন, জাতীয় সম্মেলনে কোনো নেতার পক্ষে মোসাহেবি-চামচামি করে তাঁর ক্ষতি করবেন না। অতি উৎসাহী ভক্ত সেজে কাউকে প্রার্থী বানালে সেসব নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
২২ ও ২৩ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির ২০তম জাতীয় সম্মেলন হওয়ার কথা।