
বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ প্রতিটি ক্ষেত্রে এ দেশের অর্জন এনে দিয়েছে। কেউ আমাদের এখন অবহেলার চোখে দেখে না। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’
গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করেন। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে মুসলিম আওয়ামী লীগ গঠন করা হয়। পরে ১৯৫৫ সালে আওয়ামী লীগ নাম ধারণ করে দলটি।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, যে-ই ইতিহাস দেখুক, আওয়ামী লীগের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগের ত্যাগ-তিতিক্ষা চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় প্রয়াত আওয়ামী লীগের নেতা মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শামসুল হকসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানান।
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তাঁর বাবা সৈয়দ নজরুল ইসলামের একটি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘জীবনে তাঁরা বেইমানি করেন নাই, নিজের জীবন দিয়ে তা প্রমাণ করেছেন।’
বক্তব্যের শুরুতে শেখ হাসিনা দলের কর্মী-সমর্থক, শুভানুধ্যায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, আওয়ামী লীগের নেতা এম এ আজিজ, জাহাঙ্গীর কবির প্রমুখ। সভা পরিচালনা করেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল।
এর আগে নয়টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত হন। সেখানে ‘শুভ শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’সহ বিভিন্ন স্লোগান দেন।