আ.লীগ প্রাণনাশের রোল মডেল: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকার বর্তমান বিশ্বে ‘প্রাণনাশের রোল মডেলে’ পরিণত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। সরকারের বিভিন্ন বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ থেকে বাছাই করা পোশাকধারী সন্ত্রাসী ক্যাডারদের দিয়ে অপহরণ, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

রিজভী দাবি করেন, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের রামপুরা থানার ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাজীব হোসেনকে ডিবি পুলিশ আটকের পর তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত বুধবার গভীর রাতে হাতিরঝিল এলাকায় বন্দুকযুদ্ধের নামে গুলি করে তাঁকে হত্যা করে। একইভাবে ৫ আগস্ট ফেনীর বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মনিরকে ‘আওয়ামী সন্ত্রাসীরা’ কুপিয়ে হত্যা করে।

রিজভী বলেন, প্রতিদিন সড়ক, রেল, নৌ দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে। অথচ সরকারের মন্ত্রীদের জবাবদিহি দূরে থাক তাঁরা এগুলোর বিষয়ে শুধু নির্বিকারই নয়, বরং তাদের নিদারুণ ব্যর্থতার জন্য কেউ অভিযোগ করলে তাকে দমন করতে তারা প্রথমে উসকানি, প্ররোচনা, অসভ্যতা, রুচি ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেন। এতেও সন্তুষ্ট না হলে সেই ব্যক্তির ওপর আক্রমণ করতে চান। পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ এমএল পিনাক-৬-এর অসংখ্য জীবনহানির পরেও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ভ্রুক্ষেপহীন রয়েছেন।


পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে বিএনপির এই নেতা বলেন, পদ্মা নদীতে এত বড় ট্র্যাজেডির পরও সংশ্লিষ্ট মন্ত্রী ভিন্ন আরেকটি কাজে ব্যস্ত রয়েছেন। এই মন্ত্রীও তাঁর কর্মকাণ্ডের জন্য বিশ্বে একজন রোল মডেল হতে পারেন।


রিজভী বলেন, এক দুর্বল, হূদয়হীন, চৈতন্যহীন, নিষ্ঠুর, দাম্ভিক ও ‘ঝগড়াটে’ ব্যক্তির কবলে পড়েছে বাংলাদেশ। তার এই করাল গ্রাস থেকে এ দেশকে উদ্ধার করতে না পারলে মানুষের বেঁচে থাকাই হয়ে উঠবে কঠিন। কারণ, এখন নিশীথ রাতে নয় দিনে দুপুরেই পথ চলতে গা ছমছম করে।


রুহুল কবির রিজভী বলেন, ‘স্বৈরাচারের সব বাধার প্রাচীর ভেঙে ফ্যাসিস্ট নির্যাতনকে উচ্ছেদ করতে জনগণের দুরন্ত, দুর্নিবার, দুর্বার আন্দোলনে এখন সবাই ঐক্যবদ্ধ। অবিরাম, অফুরন্ত প্রাণের আবেগে উদ্বেলিত মিছিলে মিছিলে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলতে হবে।’