আ.লীগ প্রার্থী কারচুপি করে জয়ী হয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্র দখল, ভোট কারচুপি ও ব্যাপক অনিয়মের মাধ্যমে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বিজয় ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কমান্ডার গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।
গতকাল বেলা একটায় আশুগঞ্জ পূর্ব বাজারে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের সময় লিখিত বক্তব্যে নুরুল ইসলাম অভিযোগ করেন, ‘৪ জুন আশুগঞ্জ সদর ইউপিতে ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন প্রশাসনের সহযোগিতায় বিশেষ সুবিধা ভোগ করেছেন। ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে বহিরাগত সন্ত্রাসী বাহিনী নাওঘাট গ্রামের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে ঢুকে অস্ত্রের মুখে প্রিসাইডিং কর্মকর্তাকে জিম্মি করে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এরপর পর্যায়ক্রমে তারা বড়তল্লা গ্রামের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে এবং যাত্রাপুর গ্রামের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে ঢুকে একইভাবে ব্যালট পেপার ছিনিয়ে নৌকা মার্কায় সিল মেরে বাক্সে ভরে। প্রতিটি কেন্দ্র থেকে তারা আমার এজেন্টদের মারধর করে বের করে দেয়।’
নুরুল ইসলাম অভিযোগ করেন, ‘এমন স্থানীয় সরকার নির্বাচন অতীতে আশুগঞ্জে আর হয়নি। আমাদের নিশ্চিত বিজয় ভোট ডাকাতির মাধ্যমে ছিনিয়ে নিয়েছে ক্ষমতাসীন দলের প্রার্থী ও তাঁর সমর্থকেরা।’
লিখিত বক্তব্যে নুরুল ইসলাম আরও অভিযোগ করেন, ‘নির্বাচনের দিন বিকেলে আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিনের সমর্থক সোহাগপুর গ্রামের বাবুল মিয়ার নেতৃত্বে আশুগঞ্জ বন্দরে তাঁদের ২০-২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। পরদিন আশুগঞ্জ পূর্ব বাজারের শ্যামল মিয়ার বাড়ির সিঁড়ির নিচে পেট্রলবোমা ও আগ্নেয়াস্ত্র রেখে ওই ভবনে অভিযান চালিয়ে ১৩ জন নিরীহ লোককে ধরে নিয়ে মামলায় ঢুকিয়ে দেয় পুলিশ। এ ছাড়া এ পর্যন্ত থানায় দুটি মামলা দায়ের করে আমার ৫৩ জন কর্মী-সমর্থককে আসামি করা হয়েছে।’ তিনি বলেন, এসব মামলার কারণে ব্যবসায়ীরা এখন বাজারে আসতে পারছে না। প্রতিদিন তাঁদের অনেক লোকসান গুনতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে আশুগঞ্জ চাতালকল ব্যবসায়ী সমিতির সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, পরিবহন ব্যবসায়ী মিলন শাহ, ধান-চাল ব্যবসায়ী জহিরুল হক সিকদার, জাকির হোসেন ও হেলাল সিকদার উপস্থিত ছিলেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেমিল আহমেদ বলেন, ৫ মে আশুগঞ্জ বাজার এলাকায় শ্যামলের বাড়ি থেকে র্যাব সংবাদকর্মীদের সামনেই অভিযান চালিয়ে পেট্রলবোমা উদ্ধার করেছে। সেদিন তারা সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ খবর পায়। মামলা থাকলে পুলিশ তো আসামিদের গ্রেপ্তার করবেই।