রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচনে গতকাল রোববার বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী হাকিবুর রহমান বিজয়ী হয়েছেন। ২০টি কেন্দ্রের মধ্যে সব কটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী হাকিবুর রহমান পেয়েছেন ১২ হাজার ২৪২ ভোট। তাঁর নিকটতম প্রার্থী বিএনপির ফারুক মোনায়েম পেয়েছেন ১১ হাজার ৮৪ ভোট।
সরেজমিনে গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০টি কেন্দ্রে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার দৃশ্য চোখে পড়েনি। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। সারাই দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চারুভদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল নয়টা থেকে নারী ভোটারদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।
চারুভদ্র কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহীন আনোয়ার বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। কোনো অভিযোগ পাওয়া যায়নি।
পৌরসভার ৯টি ওয়ার্ডে ২০টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৪৬ হাজার ২০৫। এর মধ্যে মহিলা ভোটার ২৩ হাজার ৯১৮ ও পুরুষ ২২ হাজার ২৮৭। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাকিবুর রহমান, বিএনপির ফারুক মোনায়েম, স্বতন্ত্র প্রার্থী (বর্তমান মেয়র) সাদাকাত হোসেন ও ইসলামী আন্দোলনের মো. জাহিদ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।