জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয় প্রার্থীর মধ্যে পাঁচজনেরই নগদ টাকা আছে। শুধু আওয়ামী লীগের প্রার্থীর নগদ টাকা নেই। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামা ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দল মনোনীত মেয়র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী হলফনামায় উল্লেখ করেছেন, তিনি বিএ পাস। বর্তমানে তাঁর নামে কোনো মামলা নেই। অস্থাবর সম্পত্তির বিবরণে নগদ টাকার ছকে তিনি ‘প্রযোজ্য নহে’ লিখেছেন। তিনি তাঁর স্ত্রীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ও ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখা থেকে ৩ লাখ ৯৬ হাজার ৩২২ টাকা ঋণ নিয়েছেন।
বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম এসএসসি পাস। বর্তমানে তাঁর নামে কোনো মামলা নেই। নগদ ১৫ লাখ টাকা আছে তাঁর। সেটি তাঁর ব্যবসায়িক পুঁজি। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আক্কেলপুর শাখা থেকে দুই লাখ টাকা ঋণ নিয়েছেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র ও পৌর বিএনপির একাংশের সভাপতি আলমগীর চৌধুরী এসএসসি পাস। বর্তমানে তাঁর নামে কোনো মামলা নেই। তাঁর ১১ লাখ ৪১ হাজার ৪২২ টাকা নগদ আছে। তাঁর কোনো দেনা নেই।
স্বতন্ত্র প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিনুল আহসান বিএ পাস। বর্তমানে তাঁর নামে কোনো মামলা নেই। অস্থাবর সম্পত্তির বিবরণের নগদ টাকার ছকে তিন লাখ টাকা আছে বলে উল্লেখ করেছেন তিনি। সোনালী ব্যাংক আক্কেলপুর শাখা থেকে তিনি ১০ লাখ টাকা ঋণও নিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনায়েতুর রহমান আকন্দ এইচএসসি পাস। বর্তমানে তাঁর নামে কোনো মামলা নেই। তাঁর নগদ টাকা আছে ৩ কোটি ৫২ লাখ ৩০ হাজার ৪৫২ টাকা। ন্যাশনাল ব্যাংক জয়পুরহাট শাখায় তাঁর ২ কোটি ৭১ লাখ ৪১ হাজার ৮৮১ টাকার ঋণ আছে।
স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম ওরফে রতন এসএসসি পাস। বর্তমানে তাঁর নামে কোনো মামলা নেই। তাঁর এক লাখ টাকা নগদ আছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আক্কেলপুর শাখায় তাঁর এক লাখ টাকার ঋণ রয়েছে।
হলফনামায় নগদ টাকা না থাকার বিষয়ে জানতে চাইলে গোলাম মাহফুজ চৌধুরী বলেন, ‘আমার নগদ টাকা না থাকায় হলফনামায় উল্লেখ করিনি। স্ত্রী আমার কাছে টাকা পাবে।’ স্বতন্ত্র প্রার্থী আলমগীর চৌধুরী বলেন, ‘আমার কোনো দায়দেনা নেই।’
জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রার্থীদের হলফনামা দেখার সময় পাইনি। কোনো প্রার্থী মিথ্যা হলফনামা দিয়ে জয়লাভ করলে সেটি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।’