আ.লীগ প্রার্থীর নির্বাচন বর্জন!
পুলিশি হয়রানি ও স্বতন্ত্র প্রার্থীর হুমকি-মারধরের অভিযোগ এনে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাসান যুবায়ের। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ৭ মে ওই উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রার্থী হাসান যুবায়ের লিখিত বক্তব্যে বলেন, ‘নির্বাচনের শুরু থেকেই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার সমর্থকদের হুমকি দিয়ে ও মারধর করে আসছিলেন। কিন্তু ওই সব বিষয়ে থানায় অভিযোগ করলেও আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেননি। গত মঙ্গলবার রাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা ওই ইউনিয়নের টেংরামারি গ্রামে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসলেও তাঁদের উপস্থিতিতেই আবারও ওই সন্ত্রাসী বাহিনী আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ উল্টো আমার কর্মী-সমর্থকদের লাঠিপেটা করে ও গুলি ছুড়ে। পুলিশ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও তাঁর সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো আমার প্রায় দু শ নেতা-কর্মীর নামে চারটি মামলা করেন। ওই মিথ্যা মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশি হয়রানির কারণে সমস্ত নেতা-কর্মী ও সমর্থকেরা এখন এলাকাছাড়া। এসব বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’
এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোনের সংযোগ কেটে দেন।
জানতে চাইলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন পুলিশি হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের প্রার্থীর নেতা-কর্মী ও সমর্থকদের মারধরের বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ ছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। অভিযোগ দিলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে।
জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আজ দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচন বর্জনের কথা জানিয়ে একটি লিখিত কাগজ আমার কাছে দিয়েছেন।’