মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মহসিনা হক ও তাঁর সমর্থকদের কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারতে পুলিশ সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের প্রার্থী রিপন হোসেন পাটোয়ারী গতকাল শনিবার দুপুরে এ অভিযোগ তুলে নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।
এদিকে সদর ও গজারিয়া উপজেলায় নির্বাচনে সহিংসতার ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। বিশৃঙ্খলা ও সহিংসতার অভিযোগে মুন্সিগঞ্জ ও গজারিয়ায় ভ্রাম্যমাণ আদালত ১৮ জনকে জেল-জরিমানা করেছেন।
গতকাল মুন্সিগঞ্জের সদরের ছয়টি ও গজারিয়ার আটটি ইউপিতে ভোট গ্রহণ করা হয়। সদর উপজেলার ছয়টি ইউপির ১৫টি কেন্দ্র ঘুরে মোল্লাকান্দি ইউপিতে কেন্দ্র দখল ও পাল্টা দখলকে কেন্দ্র করে সহিংসতা চোখে পড়ে।
দুপুর সাড়ে ১২টায় সদরের মহাকালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রিয়াজুল ইসলাম বিরাজের শহরের মধ্য কোর্টগাঁওয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। গজারিয়ার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর এলাকায় বেলা দেড়টায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান খানের গাড়িতে হামলা করে প্রতিপক্ষের লোকজন।
মোল্লাকান্দি ইউপির পাঁচটি কেন্দ্রে বোমাবাজির ঘটনা ঘটে। গজারিয়ার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে আটটায় মোল্লাকান্দির রাজারচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নিয়ন্ত্রণে নেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মহসিনার সমর্থকেরা। তাঁরা ইউনিয়নের আরও তিন-চারটি কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেন। এর জের ধরে সকাল পৌনে ১০টায় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা একযোগে রাজারচর প্রাথমিক বিদ্যালয়, চর ডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয়, মোল্লাকান্দি ইউনিয়ন কার্যালয় কেন্দ্র, আশুরান প্রাথমিক বিদ্যালয়, মুন্সিকান্দি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক বোমাবাজি শুরু করে। এ অবস্থায় এসব কেন্দ্রে সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকে।
বেলা ১১টায় মোল্লাকান্দির মাকহাটী জিসি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকের কোনো এজেন্ট পাওয়া যায়নি। এখানে লোকজনকে মহসিনা হকের আনারস মার্কার পোলিং এজেন্টের সামনে ব্যালটে সিল মারতে দেখা যায়। সাড়ে ১১টায় রাজারচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, সদর থানার দ্বিতীয় কর্মকর্তা শেখ সাদী এবং ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার সহযোগিতায় তাঁদের সামনে আনারস মার্কায় একজন একাধিক ব্যালট নিয়ে সিল মারছেন। এ সময় শেখ সাদী ও প্রিসাইডিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান এসে প্রথম আলোর প্রতিনিধি ও ফটো সাংবাদিককে বের করে দেন।
দুপুর ১২টায় মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে দেখা যায়, কোনো প্রার্থীর পোলিং এজেন্ট নেই। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মিয়া আল মামুন বলেন, সকাল সাড়ে নয়টা পর্যন্ত ভোটারের লম্বা লাইন ছিল। পৌনে ১০টার দিকে কেন্দ্রের আশপাশে ককটেলের বিস্ফোরণ ঘটে। এরপর থেকে আর ভোটার আসছেন না।
চর ডুমুরিয়া বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হৃদয় কৃষ্ণ মোদক বলেন, ‘১০টার দিকে কেন্দ্রে ককটেল ছোড়া হলে ভোটাররা চলে যান।’ এই কেন্দ্রের পুলিশ কর্মকর্তা নবী হোসেন বলেন, শতাধিক ককটেল ফাটানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ৩৩টি গুলি ছুড়তে হয়েছে।
পুলিশের সহযোগিতায় কেন্দ্র দখলের বিষয়ে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, এ অভিযোগ ভিত্তিহীন।