পিরোজপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ ত্যাগ করায় গতকাল শনিবার একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নবনির্বাচিত চেয়ারম্যান ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। মাদারীপুরে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত একজন ঢাকায় মারা গেছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের পর বিএনপির প্রার্থীকে আটক করেছে পুলিশ।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
পিরোজপুর: নেছারাবাদ উপজেলার পূর্ব জলাবাড়ি এলাকায় জসিম উদ্দিন হাওলাদার (৩৫) নামের একজন সুপারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আলী হোসেন বলেন, গতকাল সকালে জসিম পূর্ব জলাবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। তখন জলাবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আশীষ বড়াল ও তাঁর লোকজন তাঁকে পিটিয়ে ও পায়ে রড ঢুকিয়ে হত্যা করেন।
নিহত ব্যক্তির ছোট ভাই শিমুল হাওলাদার বলেন, তাঁর ভাই একসময়ে আওয়ামী লীগের সমর্থনে বিজয়ী চেয়ারম্যান আশীষ বড়ালের অনুসারী ছিলেন। পক্ষ ত্যাগ করে গত মার্চে প্রথম দফা ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জেপি (মঞ্জু) সমর্থিত তৌহিদুল ইসলামের পক্ষে কাজ করেন। এ নিয়ে আশীষ বড়াল জসিমের ওপর ক্ষিপ্ত ছিলেন।
শিমুল বলেন, ‘আওয়ামী লীগের লোকজনই আমার ভাই জসিমকে হত্যা করেছে।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে জসিম উদ্দিনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বদেশ বড়াল ও রতন বৈদ্য নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা আশীষ বড়ালের সমর্থক।
মাদারীপুর: মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নে গত শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ইউপি নির্বাচন-পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ জুয়েল মল্লিক (২৮) গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। জুয়েল মস্তফাপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান কুদ্দুস মল্লিকের ভাতিজা।
জুয়েলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের দুই পক্ষ গতকাল সন্ধ্যায় পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হন। আহত হয়েছেন আরও ১০ জন।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, আওয়ামী লীগের সমর্থনে বিজয়ী চেয়ারম্যান কুদ্দুস মল্লিক এবং দলের বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন খানের সমর্থকেরা শুক্রবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জুয়েলসহ সাতজন গুলিবিদ্ধ হন। আহত জুয়েল মারা গেলে গতকাল আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে গতকাল দুপুরে আওয়ামী লীগের প্রার্থী ফিরোজ মিয়া ও বিএনপির প্রার্থী গোলাপ মিয়ার সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে ফিরোজ মিয়া আহত হন। গোলাপ মিয়ার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীর ওপর হামলার ঘটনায় বিএনপির প্রার্থী গোলাপ মিয়াকে আটক করেছে পুলিশ।
গোলাপ মিয়ার ভাতিজি তাজলিমা আক্তার বলেন, বিকেলে তাঁর চাচার বাড়িতে ফিরোজ মিয়ার ৬০ থেকে ৭০ সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।
নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলাউদ্দিন বলেন, শুক্রবার ফিরোজ মিয়ার প্রচারণার সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামী লীগের প্রার্থীর ওপর হামলার ঘটনায় বিএনপির প্রার্থীকে আটক করা হয়েছে।
খাগড়াছড়ি: শুক্রবার দীঘিনালার ১ নম্বর মেরুং ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হেমব্রত চাকমার ছোট ভাই পূর্ণ জীবন চাকমা ও সমর্থক সফিকুল ইসলামকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সফিকুল ইসলামকে ছেড়ে দেওয়া হলেও জীবন চাকমার কোনো হদিস গতকাল রাত পর্যন্ত পাওয়া যায়নি।
হেমব্রত চাকমার সমর্থক তরুণ কান্তি চাকমা বলেন, শুক্রবার দুপুরে নির্বাচনী পোস্টার লাগিয়ে ফেরার পথে চৌধুরীপাড়া এলাকায় অস্ত্রধারীরা গাড়ির গতি রোধ করে ও তাঁদের মারধর করে। পরে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা জীবন চাকমা ও সফিকুলকে অপহরণ করে নিয়ে যায়।
হেমব্রত এ ঘটনার জন্য জনসংহতি সমিতি (এম এন লারমা) সমর্থিত প্রার্থী শান্তি লোচন দেওয়ানকে দায়ী করেছেন। তবে শান্তি লোচন দেওয়ান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন।
অপহরণের প্রতিবাদে ও পূর্ণ জীবন চাকমাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে হেমব্রত চাকমার সমর্থকেরা বেতছড়ি এলাকার ভূপতি রঞ্জন কার্বারিপাড়া এলাকায় মেরুং-দীঘিনালা সড়কে শুক্রবার বিকেল থেকে গতকাল দুপুর পর্যন্ত কয়েক দফা সড়কে অবরোধ করে রাখেন।
বেতছড়ি এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফরিদপুর: মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে শুক্রবার রাত ১২টার দিকে বিএনপির প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান আবদুর রহিম ফকিরকে নাজেহাল এবং তাঁর এক সমর্থককে মারধর করেছেন আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমানের সমর্থকেরা।
আবদুর রহিম বলেন, রাতে নির্বাচনী প্রচারণা শেষে তিনি ও তাঁর তিন কর্মী দুটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মিটাইন-পাইকান্দি গ্রামে পৌঁছালে আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমান ও তাঁর সমর্থকেরা মোটরসাইকেল আটকে এক কর্মীকে মারধর করেন। প্রতিবাদ করলে তাঁরা তাঁকে গালাগালি ও নাজেহাল করেন।
বগুড়া: নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে চতুর্থ ধাপে নির্বাচন ৭ মে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই প্রচারে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়েন আওয়ামী লীগের প্রার্থী মোরশেদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ও নন্দীগ্রাম উপজেলা জাসদের নেতা তীর্থ সলিল রুদ্রের সমর্থকেরা। শুক্রবার রাতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তিনটি মোটরসাইকেল।