আ.লীগ প্রার্থীর পক্ষে নেই নেতারা, কার্যালয়ে তালা
রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দলের নেতারা নেই। তাঁরা দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়েছেন। এ প্রসঙ্গে দলীয় প্রার্থী রবিউল ইসলাম বলেন, ‘নেতারা ফোনে কথা বলছেন, কিন্তু ফেইসে আসছেন না।’
২০০১ সালে পৌরসভা গঠিত হওয়ার পরে এই প্রথম পুঠিয়া পৌরসভায় নির্বাচন হচ্ছে। নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম। বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জি এম হীরা (বাচ্চু)। বিএনপির মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুল হক। বিদ্রোহী প্রার্থী হয়েছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার পুঠিয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম। জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন সংগঠনের থানা সভাপতি এনামুল হক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হয়েছেন রুহুল আমিন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হচ্ছেন পুঠিয়া-দুর্গাপুর আসনের সাংসদ কাজী আব্দুল ওয়াদুদ। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, সাংসদ তাঁর একক সিদ্ধান্তে রবিউলকে প্রার্থী করেছেন। রবিউল ইসলাম তাঁর হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার ঘরে এসএসসি (অকৃতকার্য) বলে উল্লেখ করেছেন। ২ ডিসেম্বর আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়ে বৈঠক করে এই প্রার্থীকে বর্জনের ঘোষণা দেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেন। তিনি বলেন, পৌরসভা নির্বাচনের পর ৩১ ডিসেম্বর এই তালা খোলা হবে। তার আগে যদি খোলা হয়, তাহলে এই কার্যালয় থেকে জি এম হীরার প্রচার-প্রচারণা চালানো হবে। গতকাল বৃহস্পতিবার এই কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। কার্যালয়জুড়ে আব্দুল মালেকের পোস্টার সাঁটানো।
দুপুরে পুঠিয়া পৌর এলাকার কাউন্সিলের মোড়ে গিয়ে জি এম হীরাকে পাওয়া যায়। তিনি একটি দোকানের সামনে ১০-১৫ জন নেতা-কর্মী নিয়ে কথা বলছিলেন। তিনি বলেন, রবিউল ইসলাম সাংসদের একজন আদায়কারী। তিনি সাংসদের সঙ্গে থেকে যেসব মানুষের কাজ করেছেন, তার ৯০ ভাগ বিএনপি-জামায়াতের। এখন তাঁদের সঙ্গে নিয়েই তাঁকে কাজ করতে হচ্ছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবাই বিভেদ ভুলে তাঁর (জি এম হীরা) সঙ্গে কাজ করছেন। পুঠিয়া পৌর আওয়ামী লীগ কার পক্ষে জানতে চাইলে তিনি সংগঠনের সভাপতিকে ফোন করতে বলেন। ফোনে যোগাযোগ করা হলে পুঠিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে পৌর আওয়ামী লীগের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁরা কেউ দলের প্রার্থীর পক্ষে কাজ করছেন না। তাঁদের মতামত নিয়ে প্রার্থী দেওয়া হয়নি। এখন তাঁরা জি এম হিরার পক্ষে মাঠে নেমেছেন।
রবিউল ইসলামকে ফোন করলে তিনি তাঁর ব্যক্তিগত কার্যালয়ে দেখা করতে বলেন। সেখানে গিয়ে দেখা যায়, কাচের দরজার সামনে চেয়ার পেতে এক ব্যক্তি বসে আসেন। তিনি ভেতরের অনুমতি নিয়ে প্রবেশ করতে দিলেন। এ সময় ওই কার্যালয়ে রবিউল ইসলাম ও আব্দুস সাত্তার নামের এক ব্যক্তি বসা ছিলেন। সাত্তার সাংসদ আব্দুল ওয়াদুদের ব্যবসা দেখাশোনা করেন।
নেতাদের অভিযোগ প্রসঙ্গে রবিউল ইসলাম বলেন, নেতারা সবাই ফোনে তাঁর সঙ্গে কথা বলছেন, কিন্তু ‘ফেইসে’ আসছেন না। তবে সাধারণ ভোটাররা তাঁর পক্ষে রয়েছেন। পৌর আওয়ামী লীগের কোন নেতা তাঁর সঙ্গে আছেন জানতে চাইলে তিনি বলেন, গত বুধবার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম তাঁর সঙ্গে কোলাকুলি করেছেন। এ ছাড়া পৌরসভার সব ওয়ার্ডের নেতারা তাঁর সঙ্গে রয়েছেন। দলীয় কার্যালয়ে তালার ব্যাপারে তিনি বলেন, কোনো কর্মসূচি থাকলেই কার্যালয় খোলা হয়। তা ছাড়া তাঁর ব্যক্তিগত কার্যালয়েই সবাই বসেন। তিনি বলেন, ১৩ ডিসেম্বরের পরে সব ঠিক হয়ে যাবে।
শাহরিয়ার রহিমকে ফোন করলে তিনি বলেন, তাঁর বাসায় বিএনপির প্রার্থী এলেও তাঁকে কোলাকুলি করতে হবে। এটা তো কোনো কথা নয়।
সাংসদ আব্দুল ওয়াদুদের ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পুঠিয়ার নেতারা জানান, তিনি দেশের বাইরে আছেন।