আ.লীগ প্রার্থীর পক্ষে ভোট চাইলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে ভোট চাইলেন নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান। গতকাল মঙ্গলবার বিকেলে লোহাগড়ার জয়পুর শ্মশান চত্বরে এক জনসভায় তিনি ভোট প্রার্থনা করেন।

সাংসদ শেখ হাফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, অপরাজনীতি যারা করে তাদের শক্তিকে খর্ব করতে হবে। সে লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা মার্কার প্রার্থী লিপি খানমকে ভোট দিয়ে চক্রান্তকারীদের রুখে দিন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন বলেন, সংসদ সদস্য হয়ে প্রার্থীর পক্ষে ভোট চাওয়া বা নির্বাচনী সভায় বক্তৃতা করা আচরণবিধি লঙ্ঘন।

জনসভায় পৌরসভার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল আসে। জনসভা শেষে একটি বিশাল মিছিল লোহাগড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে লোহাগড়া চৌরাস্তায় অবস্থিত আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জনসভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমীন। আবদুল হাইয়ের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সুবাস চন্দ্র বোস, জেলা জাসদের সহসভাপতি আবদুস ছালাম খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির লোহাগড়া উপজেলা শাখার সম্পাদক আমিরুল ইসলাম খান ও জেলা শাখার সদস্য অরবিন্দ আচার্য, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল জলিল শিকদার প্রমুখ।