আ.লীগ প্রার্থীর প্রচার শুরু, অন্য দুজনের খবর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে আগামী মঙ্গলবার ভোট। এ নির্বাচনে তিনজন প্রার্থী। তবে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী প্রচার শুরু করেছেন। অন্য দুই প্রার্থীর কোনো তৎপরতা নেই।

এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম খানকে। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) থেকে আতাউর রহমান খান এবং ন্যাশনাল পিপলস পার্টি থেকে ইমরুল কায়েস প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ প্রার্থী গত বুধবার থেকে প্রচারণা শুরু করেছেন। কিন্তু অন্য দুই প্রার্থীর কেউ এখনো মাঠে নামেননি।

গতকাল সরেজমিনে কালিহাতী উপজেলার পাইকড়া, কোকডহড়া, সল্লা, দশাকিয়া, এলেঙ্গা ও কালিহাতী পৌর এলাকায় ঘুরে শুধু আওয়ামী লীগ প্রার্থীর পোস্টার চোখে পড়ে। অন্য দুই প্রার্থীর কোনো তৎপরতা দেখা যায়নি। অনেক ভোটার অন্য দুই প্রার্থীর নামই শোনেননি বলে জানান।

দশাকিয়া ইউনিয়নের মোস্তাক মিয়া বলেন, ‘ভোটাভুটি নিয়া কারও কোনো আগ্রহ নাই। আওয়ামী লীগ প্রার্থী ছাড়া অন্য দুই প্রার্থী এলাকায় নাই।’

আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান বলেন, ‘কালিহাতীর মানুষ আমাকে ২০০৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত করেছিলেন। এবারও তাঁরা আমাকে নির্বাচিত করবেন বলে আশা করি।’

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী আতাউর রহমান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইমরুল কায়েস বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। নির্বাচন পেছানো, প্রচারণার সময় নিরাপত্তার ব্যবস্থা এবং ভোট গ্রহণের দিন সেনা মোতায়েনের দাবি নির্বাচন কমিশনে জানিয়েছেন।

নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগ গতকাল বর্ধিত সভা করেছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় প্রার্থী হাসান ইমাম খান, সাধারণ সম্পাদক আনছার আলী প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে আনোয়ার হোসেন মোল্লা বলেন, দলীয় প্রার্থীর বিজয় অনেকটাই নিশ্চিত। এখন শুধু ভোট বাড়ানোর জন্য প্রচার চালানো হচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, দুটি পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭৭ হাজার ৭০০। আগামী মঙ্গলবার ১০৭টি কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে।

এ আসনে সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর তৎকালীন সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। পরে তিনি মন্ত্রীও হন। কিন্তু ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে হজ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাঁকে মন্ত্রিসভা ও দল থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তিনি দেশে ফিরে গ্রেপ্তার হন। জামিনে মুক্তিলাভের পর সংসদ থেকে পদত্যাগ করেন। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর তাঁর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। ওই বছর ১৫ সেপ্টেম্বর আসনটির উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী ও তাঁর স্ত্রী নাসরিন সিদ্দিকী মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু মনোনয়ন যাচাই-বাছাইকালে ঋণখেলাপির কারণে তাঁদের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন। পরে কাদের সিদ্দিকী উচ্চ আদালতে যান। উচ্চ আদালত কাদের সিদ্দিকীর বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখেন। পরে উচ্চ আদালত সম্প্রতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামী মঙ্গলবার ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে।