আ.লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস ছালামের মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের প্রাথমিক সদস্য থেকেও বহিষ্কার করা হয়েছে।
দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত নেন। আগামী শনিবার (৭ মে) এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের ওই প্রার্থীর বিরুদ্ধে জঙ্গি সংগঠনে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রার্থী।
আবদুস ছালাম আওয়ামী লীগের বাগমারা উপজেলা শাখার কৃষিবিষয়ক সম্পাদক ও গোয়ালকান্দি ইউনিয়ন শাখার সহসভাপতি ছিলেন।
গত মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর থেকে ফ্যাক্সযোগে পাঠানো চিঠিতে বলা হয়, গোয়ালকান্দি ইউনিয়নের দলের মনোনীত প্রার্থী আবদুস ছালাম রাষ্ট্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, যা বাংলাদেশ আওয়ামী লীগের নীতি-আদর্শ ও চেতনাবিরোধী। এ জন্য তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে দলীয় প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করে তাঁর মনোনয়নও বাতিল করা হলো।