আ.লীগ প্রার্থীর 'নির্বাচনী ভোজ'!

মাদ্রাসার মাঠের একপাশে জ্বলছে সাতটি চুলা। সেখানে বড় বড় হাঁড়িতে চলছে রান্না। জবাই দেওয়া হয়েছে পাঁচটি গরু ও একটি খাসি। পাঁচ মণ মাংসের সঙ্গে ১৫ মণ আলু দিয়ে চলছে ‘নির্বাচনী ভোজ’ রান্না।
বাবুর্চি দলের প্রধান জালশুকা গ্রামের আনসার আলী বলেন, ১৮ মণ চালের ভাত আর পাঁচ মণ গরুর মাংসের তরকারি রান্না চলছে। পাঁচ থেকে ছয় হাজার মানুষকে খাওয়ানো হবে।’
মাঠের অন্য পাশে ওই সময় সমবেত প্রায় ছয় হাজার নেতা-কর্মী। সেখানে মাইকে চলছে নির্বাচনী কর্মী সমাবেশ। প্রার্থীর বক্তব্য দেন। তিনি দলমতের ঊর্ধ্বে থেকে সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মনোনয়নপত্র দাখিল শেষে সবাইকে এখানে ফিরে আসতে বলেন। বলেন, এখানে খাবারের ব্যবস্থা আছে।
প্রার্থীর বক্তব্য শেষে মাদ্রাসার মাঠ থেকেই শুরু হয় মিছিল-শোডাউন। ছিল শ খানেক মোটরসাইকেলের শোভাযাত্রা। এসব মোটরসাইকেলের সামনে শোভা পাচ্ছিল নৌকা মার্কার ফেস্টুন। শোভাযাত্রায় প্রার্থীকে বহনের জন্য নৌকার আদলে ফুল-বেলুন, রঙিন কাপড় আর নৌকা প্রতীকের লিফলেট-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছিল টমটম গাড়ি। তবে সেই গাড়িতে না চড়ে তিন কিলোমিটার হেঁটে শোভাযাত্রা আর মিছিল-স্লোগান সহকারে উপজেলা সদরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থী। তাঁর নাম আবদুল্লাহ আল ফারুক। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
আজ সোমবার স্থানীয় পাঁচ পীরতলা বালিকা দাখিল মাদ্রাসায় এই ‘নির্বাচনী ভোজ’ আয়োজন করায় বন্ধ রাখা হয় মাদ্রাসাটির চার শতাধিক শিক্ষার্থীর পাঠদান। এ সময় প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর দেখা মেলেনি। অফিস কক্ষ ছাড়া সব শ্রেণিকক্ষ বন্ধ ছিল।

তবে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট বেলাল হোসেনকে প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তিনি বলেন, ‘মাদ্রাসায় আওয়ামী লীগ প্রার্থীর সমাবেশ, রান্না ও খাবার আয়োজন করা হলেও শিক্ষার্থীদের পাঠদান বন্ধ ছিল না।’
দুপুর ১২টার দিকে মোস্তাইল পাঁচ পীরতলা বাজারে গিয়ে দেখা গেল, আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমাদান উপলক্ষে মিছিল ও শোডাউনের জন্য জড়ো হওয়া শ খানেক মোটরসাইকেলের সামনে শোভা পাচ্ছে নৌকা মার্কার ফেস্টুন। ‘নৌকা নৌকা’ বলে স্লোগান দিচ্ছেন কর্মীরা। একজন কর্মী নৌকা মার্কার লিফলেট গায়ে জড়িয়ে নাচছেন। ফুল-বেলুন দিয়ে নৌকার আদলে সাজানো একটি টমটম গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
বেলা একটার দিকে মোটরসাইকেলের বহর ও মিছিলটি ঢাকা-রংপুর মহাসড়কে উঠার পর দুই পাশে গাড়ি আটকা পড়ে এবং যানজটের সৃষ্টি হয়। পরে ২০ থেকে ২৫ জন নেতা–কর্মী সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
কর্মী মাহফুজার রহমান ও আজহার আলী বলেন, ‘দুপুরের খাওয়ার দাওয়াত রয়েছে। এ জন্য মিছিলে এসেছি।’

তবে প্রার্থী আবদুল্লাহ আল ফারুক বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কোনো সমাবেশ, মোটরসাইকেলের শোডাউন বা মিছিল করা হয়নি। নেতা-কর্মী সঙ্গে নিয়ে উপজেলা সদরে গিয়ে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। অনেক কর্মী নিজে থেকেই উপজেলা সদরে গেছেন।’ ভোজ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনী ভোজ’ নয়, ৫০ থেকে ৬০ জন মুরব্বির জন্য দুপুরে একটু ডালভাতের ব্যবস্থা করা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘আমাকে না বলেই সমর্থকেরা খলিশাকান্দি মোড়ে একটা নৌকা টানিয়েছি। সেটা খুলে ফেলা হবে।’
বগুড়া জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রথম আলোকে বলেন,‘মিছিল, শোভাযাত্রা, সমাবেশ বা নেতা-কর্মীর বহর নিয়ে মনোনয়নপত্র দাখিল বেআইনি ও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। নেতা–কর্মীর জন্য ভোজের আয়োজন করাও অপরাধ। প্রতীক বরাদ্দের আগে কেউ লিফলেট, ফেস্টুন, পোস্টার ছাপিয়ে বা প্রতীকের আদলে কোনো কিছু টানিয়ে প্রচার চালালে সেটাও নির্বাচনী আইনের পরিপন্থী। আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে আওয়ামী লীগের এই প্রার্থী ছাড়াও আচরণবিধি লঙ্ঘন করে আজ নেতা–কর্মীদের নিয়ে মিছিল ও মোটরসাইকেলের শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দেন শাজাহানপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন।

বেলা একটার দিকে মহাসড়কে শ খানেক মোটরসাইকেলের বহর নিয়ে কয়েক দফা দাপিয়ে বেড়ানোর পর মনোনয়নপত্র জমা দেন খড়না ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন। পরে তিনি মিছিলসহ উপজেলা পরিষদে এসে মনোনয়ন জমা দেন।
তবে সোহরাব হোসেন দাবি করেন, ‘কোনো প্রকার মোটরসাইকেলের শোভাযাত্রা বা মিছিল করিনি।’