আ.লীগ-বিএনপি কোটি টাকার দরপত্র ভাগাভাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার এক কোটি টাকার দরপত্র গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীর মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে দেওয়া হয়েছে। পৌর মেয়র ফয়েজুল কবির তালুকদার ওই দরপত্র ভাগাভাগি করে দিয়েছেন। মেয়র সে কথা স্বীকারও করেছেন।
সরিষাবাড়ী পৌরসভা ও ঠিকাদার সূত্রে জানা গেছে, পৌরসভার ২০১৪-১৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিবি) উন্নয়ন সহায়তায় থোক বরাদ্দের (এলটিএম) জন্য ১৭টি প্রকল্পে ১ কোটি ১২ হাজার ৭০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্পের জন্য গত ২৫ ফেব্রুয়ারি দুটি পত্রিকার মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়।
পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট মেরামত, কালভার্ট নির্মাণ, রাস্তায় বাতির ব্যবস্থা করা, নালা স্থাপন, মসজিদ ও মন্দির নির্মাণ, কবরস্থানের মাটি ভরাট, সীমানা পিলার স্থাপন, হতদরিদ্রদের জন্য সেনেটারি ল্যাট্রিন সরবরাহকরণসহ ১৭টি কাজের (প্রকল্প) বিপরীতে তালিকাভুক্ত ২১টি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ওই দরপত্র আহ্বান করা হয়। গত বুধবার দরপত্র বিক্রির শেষ তারিখ ছিল। এতে পৌরসভার তালিকাভুক্ত ২১ জন ঠিকাদার দরপত্র কেনেন। গতকাল বেলা একটায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও পৌরসভা কার্যালয়ের দরপত্র বাক্সে দরপত্র জমা দেওয়ার কথা। বেলা তিনটায় দরপত্র খোলার সময় নির্ধারণ করা হয়। কিন্তু ওই সময়ের মধ্যে দরপত্র বাক্সে কোনো দরপত্র জমা দেওয়া হয়নি। বেলা তিনটায় দরপত্র খোলার সময় থাকলেও পৌরসভার মেয়রের কক্ষে তালা ঝুলিয়ে রাখা হয়। দুপুরে পৌরসভা কার্যালয়ে বিএনপি-সমর্থিত মেয়র ফয়েজুল কবির তালুকদার আওয়ামী লীগ-বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ওই দরপত্র ভাগ-বাঁটোয়ারা করে দেন।
পৌরসভার তালিকাভুক্ত ঠিকাদার শাহা এন্টারপ্রাইজের মালিক দিপক কুমার সাহা জানান, আওয়ামী লীগ-বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এক কোটি টাকার ওই দরপত্র ভাগাভাগি হয়েছে।
এ ব্যাপারে আওয়ামী লীগ-সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এইচএনএস এন্টারপ্রাইজের মালিক নূরে আলম জানান, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ওই ১৭টি প্রকল্পের কাজ সমঝোতা হয়েছে। বিএনপি-সমর্থিত মেসার্স বিকে এন্টারপ্রাইজের মালিক বেলাল হোসেন বলেন, ‘পৌর মেয়র আমাদের মধ্যে ওই দরপত্র ভাগ-বাঁটোয়ারা করে দিয়েছেন। তাই দরপত্র বাক্সে দরপত্র জমা দেওয়া হয়নি।’
এ ব্যাপারে পৌরসভার সচিব মো. আবু সাঈদ বলেন, ‘দরপত্র বাক্সে দরপত্র জমা দেওয়ার কথা থাকলেও মেয়রের নির্দেশে তা জমা দেওয়া হয়নি। শুনেছি, দরপত্র ভাগাভাগি হয়েছে। বুঝেনি তো!’
জানতে চাইলে পৌরসভার মেয়র ফয়েজুল কবির তালুকদার বলেন, ‘দরপত্র ভাগাভাগি হয়েছে। তুমি আগামী শনিবার আমার সাথে দেখা করিও।’