আ.লীগ-বিএনপি দুই দলই দেশ চালাতে ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, আওয়ামী লীগ আর বিএনপিকে কেউ ভালো বলে না। দুই দলই দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার রংপুর সদর উপজেলার মমিনপুর খারুয়াবান্ধা দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় জাপা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন এরশাদ।
মমিনপুর ইউনিয়ন জাপার সভাপতি মাসুদার রহমান চৌধুরীর সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এরশাদের ছোট ভাই ও সাবেক মন্ত্রী জি এম কাদের, জেলা জাপার সাধারণ সম্পাদক হোসেন মকবুল শাহারিয়ার, মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান ও সদর উপজেলা সভাপতি আবেদ আলী।
জনসভায় এরশাদ আরও বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় এলেই রংপুরে গ্যাস আসবে। এর আগে বিএনপি ক্ষমতায় আসার পর বগুড়ায় গ্যাস এসেছে। হাসিনা ক্ষমতায় এসে গোপালগঞ্জে গ্যাস আনার ব্যবস্থা করেছেন। আমরা ক্ষমতায় গেলে অবশ্যই রংপুরে গ্যাস আসবে।’
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, দলের মধ্যে গণতন্ত্র না থাকলে দল শক্তিশালী হয় না। চলতি বছরের অক্টোবরের মধ্যে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির কাউন্সিল করে কমিটি গঠনের কাজ শেষ করতে হবে।