আ.লীগ-বিএনপি প্রার্থীর জয়-পরাজয়ের নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌরসভার মতো সিঙ্গাইর পৌরসভা নির্বাচনেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী পরাজিত হয়েছেন। দলে ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় ভোট ভাগাভাগি হওয়া, দলে দ্বিধাবিভক্তি ও এলাকাভিত্তিক ভোটের প্রভাব আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়ের নিয়ামক হিসেবে কাজ করেছে। আর আওয়ামী লীগের এ দুর্বলতা এবং ‘একক প্রার্থিতা’ বিএনপির প্রার্থীর জয়ের কারণ বলে মনে করেন ক্ষমতাসীন দলের অনেক নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা।
সিঙ্গাইরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাইর পৌরসভায় ভোটার ২০ হাজার ১৪ জন। গত বৃহস্পতিবার পৌরসভার নয়টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে বিএনপির মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম ভূঁইয়া ৬ হাজার ৮৭৬ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মীর মো. শাহজাহান ৪ হাজার ৮২৮ ভোট এবং আওয়ামী লীগের আবু নাঈম মো. বাশার ৩ হাজার ৩৭৯ ভোট পান। মানিকগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হলেও সিঙ্গাইর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ভোটে তৃতীয় হয়েছেন।
সিঙ্গাইর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের নয়াডাঙ্গী, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের আজিমপুর এবং ৪ নম্বর ওয়ার্ডের চর আজিমপুর ও কাংশা গ্রামে আওয়ামী লীগের সমর্থক বেশি। ভোটের হিসাব অনুযায়ী, এসব এলাকায় আওয়ামী লীগের দুই প্রার্থী অন্যান্য এলাকার তুলনায় বেশি ভোট পেয়েছেন। এই চারটি ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী ১ হাজার ৬৬১, দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী ২ হাজার ৯৪৭ ভোট এবং বিএনপির প্রার্থী ৩০৩ ভোট পেয়েছেন। এদিকে ৫ নম্বর ওয়ার্ডের গোলড়া, ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দল, ৮ নম্বর ওয়ার্ডের ঘোনা পাড়া, বকচর ও সিঙ্গাইর এবং ৯ নম্বর ওয়ার্ডের কাশিমনগর ও বিনোদপুর গ্রামে বিএনপির সমর্থক বেশি। এ চারটি ওয়ার্ডে বিএনপির প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৩১ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী ১ হাজার ৪৩০ ও ‘বিদ্রোহী’ প্রার্থী ১ হাজার ৫২৯ ভোট পান। তবে ৬ নম্বর ওয়ার্ডের আঙ্গারিয়া এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির ভোটার সংখ্যা প্রায় সমান। এই ওয়ার্ডে খোরশেদ আলম ১ হাজার ১২৫ ভোট এবং মো. বাশার ৫৬৩ ভোট ও শাহজাহান ৭০২ ভোট পেয়েছেন।
এলাকাভিত্তিক ভোটের প্রভাব ছাড়াও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় ভোট ভাগাভাগি হয়েছে। দলের মনোনীত ও ‘বিদ্রোহী’ প্রার্থী মিলে পেয়েছেন ৮ হাজার ২০৭ ভোট।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুর রহমান বলেন, দল থেকে মো. বাশারকে মনোনয়ন দেওয়া হয়। তবে দলের সিদ্ধান্ত অমান্য করে শাহজাহান দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলের দুই প্রার্থীর ভোট ভাগাভাগির কারণে এই বিপর্যয়।
তবে মীর শাহজাহান বলেন, ‘আমি সিঙ্গাইর পৌরসভার প্রথম মেয়র। ভোটার এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আমার সুসম্পর্ক থাকার পরও শুধু স্থানীয় সাংসদের অশুভ তৎপরতায় আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। আমাকে মনোনয়ন দিলে নিশ্চয় আওয়ামী লীগ বিজয়ী হতো। নির্বাচনের ফলাফল পর্যালোচনা করলে সেটা প্রতীয়মান হয়।’
তবে নবনির্বাচিত মেয়র খোরশেদ আলম ভূঁইয়া দাবি করেন, বর্তমানে মেয়রের দায়িত্ব পালনকালে তিনি রাস্তাঘাটসহ পৌর এলাকায় বেশ উন্নয়নমূলক কাজ করেছেন। এ কারণে ভোটারদের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও তিনিই জয়ী হতেন।