আ.লীগ-বিএনপিকে কেউ ভালো বলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দলকে কেউ ভালো বলে না। এ দুই দলই দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে রংপুরের সদর উপজেলার মমিনপুর খারুয়াবান্ধা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জাপা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।
মমিনপুর ইউনিয়ন জাপার সভাপতি মাসুদার রহমান চৌধুরীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন এরশাদের ছোট ভাই ও সাবেক মন্ত্রী জিএম কাদের, জেলা জাপার সাধারণ সম্পাদক হোসেন মকবুল শাহারিয়ার, মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান, সদর উপজেলা সভাপতি আবেদ আলী প্রমুখ।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় আসলেই রংপুরে গ্যাস আসবে। এর আগে বিএনপি ক্ষমতায় আসার পর বগুড়ায় গ্যাস এসেছে। হাসিনা ক্ষমতায় এসে গোপালগঞ্জে গ্যাস আনার ব্যবস্থা করেছে। আমরা ক্ষমতায় গেলে অবশ্যই রংপুরে গ্যাস আসবে।
জনসভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে। দলের মধ্যে গণতন্ত্র না থাকলে দল শক্তিশালী হয় না।