নাটোরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরিবেশ সহিংস করে তোলার অভিযোগে গতকাল শুক্রবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি। নিজেদের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
নাটোর সদর উপজেলা বিএনপি শহরের আলাইপুরে জেলার অস্থায়ী কার্যালয়ে বেলা ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান প্রার্থীরা। আমিনুল হক লিখিত বক্তব্যে বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলছেন। বিএনপির প্রার্থীদের প্রচারে বাধা দিচ্ছেন। এ ছাড়া বাড়ি বাড়ি গিয়ে কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছেন তাঁরা। বিএনপির অভিযোগ, নানা অনিয়ম নিয়ে স্থানীয় প্রশাসনে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
দুপুর ১২টার দিকে কান্দিভিটুয়া এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরা হয়। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, দলের কোনো নেতা-কর্মী ২৩ এপ্রিলের নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন না। কিছু ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী পোস্টার ছিঁড়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছেন।