আ.লীগ বিজিবি প্রধানের বক্তব্য সমর্থন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আক্রান্ত হলে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) গুলি চালাবে বলে এই বাহিনীর মহাপিরচালক যে বক্তব্য দিয়েছেন, সেটাকে আওয়ামী লীগ সমর্থন করে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, বিজিবি-প্রধানের নির্দেশ নতুন কিছু নয়। অভ্যন্তরীণ আইন অনুযায়ী সব বাহিনীর আত্মরক্ষার জন্য এমন বিধান রয়েছে। কিন্তু বিজিবি-প্রধানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপি প্রমাণ করেছে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো তাদের নেতা-কর্মীরাই করছে।
গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, নাশকতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করবে সরকার।
পেট্রলবোমা মারাসহ সন্ত্রাসী কার্যক্রম সরকারদলীয় লোকজন করছে—বিএনপির এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তাহলে তো বিজিবি-প্রধানের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের লোকজনেরই গুলিতে মারা যাওয়ার কথা। আর সে ক্ষেত্রে আওয়ামী লীগেরই বিজিবি-প্রধানের বক্তব্যের বিরোধিতা করার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ তা করেনি। উল্টো বিএনপি বিজিবি প্রধানের বক্তব্যের বিরোধিতা করেছে।
হানিফ বলেন, পেট্রলবোমা ছুড়ে মানুষ হত্যা করে রাজনৈতিক দোহাই দিয়ে পার পেয়ে যাবেন, তা হবে না। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটা ঘটনার নির্দেশদাতা হিসেবে, যারা ঘটনার সঙ্গে জড়িত, যারা এই ঘটনাকে আড়াল করার চেষ্টা করছেন, পৃষ্ঠপোষকতা করেছেন প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।
সংবাদ সন্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।