আ.লীগ-বিজেপি সম্পর্ক জোরদার করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ। প্রথম আলো ফাইল ছবি
মাহবুব উল আলম হানিফ। প্রথম আলো ফাইল ছবি

ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা বলেন।

আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ। বৈঠক শেষে মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের এ কথা বলেন।

সকালে ঢাকা সফররত বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে আলোচনা শেষে হানিফ সাংবাদিকদের বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ সম্পর্ক দুই দলের মধ্যে আরও যেন গভীর হয়, সে বিষয়ে আমাদের পরস্পরের সঙ্গে আলোচনা হয়েছে।’

ভারতের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের সঙ্গে ‘অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ’ অনুষ্ঠানে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীর বিষয়টিও আলোচনায় এসেছে উল্লেখ করে হানিফ বলেন, ‘বিশ্ববাসী যেমন মনে করে রোহিঙ্গা সমস্যা মিয়ানমারকেই সমাধান করতে হবে, ভারতও তেমনি মনে করে। ভারতও আশা করে মিয়ানমার এ সমস্যা সমাধানের উদ্যোগ নেবে এবং সমাধান করবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রমুখ আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন।