সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, যারা ধর্মের নামে রাজনীতি করে, তারা কোনো দিন মানুষের সহযোগিতায় এগিয়ে আসে না। মানুষের স্বার্থের চেয়ে তাদের নিজের স্বার্থটাই তারা বড় করে দেখে। আওয়ামী লীগ গরিব দল হলেও প্রাকৃতিক দুর্যোগে বিপদে-আপদে মানুষের সহযোগিতায় পাশে দাঁড়ায়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নীলফামারী সদরের রামগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে এক স্মরণসভায় মন্ত্রী এসব কথা বলেন।
টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগ এ স্মরণসভার আয়োজন করে। সদ্যপ্রয়াত টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরেন্দ্র নাথ রায়, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজার রহমান, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান স্মরণে এ সভার আয়োজন করা হয়।
টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান প্রমুখ।
আসাদুজ্জামান নূর বলেন, গত বছরের ১৪ ডিসেম্বর এই রামগঞ্জ বাজারে তাঁর (আসাদুজ্জামান নূর) গাড়িবহরে হামলা চালিয়ে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে হত্যা করা হয়। সেদিনের হামলায় নারী ও শিশুরাও অংশ নিয়েছিল। যারা সহজ-সরল নারী ও অবুঝ শিশুদের দিয়ে এমন নিন্দনীয় কাজ করাতে পারে, তাদের কাছে মানুষ কী শিক্ষা আশা করবে।