আ.লীগ বিশ্বাস করে ধর্মহীনতায়: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বিজয়া উপলক্ষে মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফোকাস বাংলা
হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বিজয়া উপলক্ষে মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফোকাস বাংলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বলে। কিন্তু তারা বিশ্বাস করে ধর্মহীনতায়। আর বিএনপি জনগণের দল, সব দেশ, ধর্মের সঙ্গে সম্প্রীতি বজায় রাখে।
হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বিজয়া উপলক্ষে আজ মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে খালেদা জিয়া এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়ার সংক্ষিপ্ত বক্তব্যের পুরোটাই ছিল ধর্মকেন্দ্রিক।
বর্তমান সরকারকে ‘জবরদখলকারী’ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘এখন প্রতিনিয়ত হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নির্যাতন করা হচ্ছে। ক্ষমতাসীনরা এসবের সঙ্গে জড়িত। কিন্তু তাদের কাউকে ধরা হচ্ছে না।’ তিনি বলেন, ‘এ সরকারের অধীনে কেনো ধর্মের মানুষ নিরাপদ নয়।’ তাদের হাত থেকে ‘দেশ রক্ষা’ করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন, ‘বিএনপি দেশপ্রেমিক দল। আমরা সকল দেশের সঙ্গে, সকল ধর্মের মানুষের সঙ্গে বন্ধুত্ব-সম্প্রীতি চাই। আমরা নিজের ধর্মের পাশাপাশি অন্যের ধর্মকেও শ্রদ্ধা করি। সব ধর্মের প্রতি আমাদের সমান শ্রদ্ধাবোধ আছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি।’

আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসন বলেন, অনেকে নিজেদের ধর্মনিরপেক্ষ বলে, অথচ তারা সব ধর্মের প্রতি আঘাত হানে। তাদের এই ধর্মনিরপেক্ষতা লোকদেখানো। হরতাল চলাকালে বিশ্বজিৎকে হত্যা করেছে আওয়ামী লীগের লোকজন।

খালেদা জিয়া বলেন, আগামীতে তাঁরা সরকার গঠন করলে সে সরকার হবে জনগণের। বিএনপি শুধু মুসলমান নয়, সব ধর্মের মানুষের দল।

শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়ার সঙ্গে তাঁর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আব্দুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, আ স ম হান্নান শাহ, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপি-দলীয় সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।