আ.লীগ মনে করে ক্ষোভের বহিঃপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ
আওয়ামী লীগ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে টানা তিন দিন হামলার ঘটনায় সরকারি দল আওয়ামী লীগে দুই রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বড় একটি অংশের মত, এ ঘটনা নাশকতায় ক্ষুব্ধ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কারণ, সাম্প্রতিক সময়ে বিএনপির আন্দোলনের নামে পেট্রলবোমা হামলায় শতাধিক মৃত্যুর ঘটনা মানুষকে ক্ষুব্ধ করেছে।
সরকারি দলের আরেকটি অংশ মনে করে, এ হামলার ঘটনায় দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণাকালে এ হামলার কারণে বিএনপি-সমর্থক প্রার্থীরা ভোটারদের সহানুভূতি পেতে পারেন।
বিএনপি বলে আসছে, আন্দোলন চলার সময় আগুনে পুড়িয়ে মানুষ মারা ও নাশকতার ঘটনাগুলোর সঙ্গে দলটির সম্পর্ক নেই। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নাশকতা ও সন্ত্রাস সরকারের একটি সফল কৌশল। এসব ঘটনার সঙ্গে বিএনপি জড়িত নয়।
অবশ্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল সংবাদ সম্মেলনে বলেন, আগুন-সন্ত্রাসের পর খালেদা জিয়া ভোল পাল্টে নিজেকে আবার রাজনীতিতে হালাল করার দুরভিসন্ধি করছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনাকে দেখলেই মানুষের মধ্যে ক্রোধের সৃষ্টি হতে পারে। তাই ওনার ঘরের ভেতর বসে থাকাই মঙ্গলজনক। সরকার নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে বলেই উনি অক্ষত অবস্থায় হাতিরঝিল দিয়ে বাড়ি ফিরেছেন।
সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে খালেদা জিয়া রাজধানীর কারওয়ান বাজার, ফকিরাপুল ও বাংলামোটর এলাকায় হামলার কবলে পড়েন। তাঁর নিরাপত্তারক্ষীরা আক্রান্ত হন এবং তাঁকে বহনকারীসহ বহরের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
কার নির্দেশে খালেদার জিয়ার গাড়িতে হামলা হচ্ছে, আওয়ামী লীগের নেতারা তা জানেন না বললেও এ হামলার দায় তাঁরা নিতে চান না। তবে দলটির মধ্যম সারির একাধিক নেতা মনে করেন, নির্বাচনী প্রচারে প্রতিপক্ষের ওপর হামলা গণতান্ত্রিক রীতিবিরুদ্ধ। তাঁদের আশঙ্কা, এসব ঘটনায় বিএনপি-সমর্থিত প্রার্থীদের ওপর ভোটারদের সহানুভূতি বাড়তে পারে।
গত কয়েক দিনে আওয়ামী লীগ-সমর্থিত দুই মেয়র প্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকন সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় জানান, এ ধরনের হামলার ঘটনা অনভিপ্রেত ও বিব্রতকর। সাঈদ খোকন গতকাল প্রথম আলোকে বলেন, ‘একজন প্রার্থী হিসেবে এ ধরনের হামলা ঘটনাকে আমি সমর্থন করি না।’
আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, আন্দোলনের নামে সহিংসতার জন্য খালেদা জিয়া জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এ অবস্থায় সিটি নির্বাচন দিয়ে তাঁকে মাঠে নামার সুযোগ দেওয়া হয়েছে। এই রাজনৈতিক কৌশল গ্রহণ সঠিক হয়েছে কি না, তা নিয়েও দলের মধ্যে ভিন্নমত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, এসব ঘটনায় রাজনৈতিক সংকট বাড়বে, যে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল তা নষ্ট হয়ে সংঘাতের দিকে মোড় নিতে পারে।
তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ কয়েকজন নেতা মনে করেন, খালেদা জিয়া আন্দোলনের নামে পেট্রলবোমা দিয়ে নিরীহ নাগরিকদের হত্যা করিয়েছেন। তিনি জনগণের কাছে ভোট চাওয়ার নৈতিক ও গণতান্ত্রিক অধিকার হারিয়েছেন। এখানে জনগণের ক্ষুব্ধ প্রতিক্রিয়া থাকতেই পারে।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন প্রথম আলোকে বলেন, এ ধরনের হামলা অনৈতিক। আবার তিনি যখন আন্দোলনের নামে মানুষ হত্যা করিয়েছেন, সেটাও ছিল অনভিপ্রেত। এ অবস্থায় জনগণের ক্ষোভ থাকা স্বাভাবিক। তবে এর বহিঃপ্রকাশ শান্তিপূর্ণ হলেই ভালো হতো। তিনি বলেন, এ হামলার দায়-দায়িত্ব আওয়ামী লীগ নেবে না। আওয়ামী লীগ এটা সমর্থন করে না।