বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘মুসলিম লীগ মনে করত তারা পাকিস্তান হাসিল করেছে, তাই পাকিস্তান শাসন করার অধিকার শুধু তাদের আছে। পরে মুসলিম লীগের চরম পরিণতি হয়েছে। আর আজকে আওয়ামী লীগ মনে করে তারাই বাংলাদেশ স্বাধীন করেছে, আর কারও কোনো অধিকার নেই। তাই তাদেরও একই পরিণতি হবে।’
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বুধবার বিকেলে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে খন্দকার মাহবুব হোসেন এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আতাউর রহমান খান স্মৃতি সংসদ এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, আতাউর রহমান খান বলতেন, ছোট মন নিয়ে কখনো বড় রাষ্ট্র গঠন করা যায় না। অর্থাৎ রাষ্ট্রের নেতৃত্ব দিতে হলে, রাষ্ট্র পরিচালনা করতে হলে নিজের হৃদয়কে বড় করতে হবে। এই কথাটি আজকের দিনেও প্রযোজ্য।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, ‘শুনলাম জিয়ার কবর, আতাউর রহমান খানের কবরসহ জাতীয় নেতাদের কবর সরানো হবে। কিন্তু মানুষের মন থেকে এই আতাউর রহমান, জিয়াউর রহমানকে কি মুছে ফেলতে পারবেন?’ তাঁর রাজনৈতিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকার ধামরাই উপজেলার বালিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯০৫ সালে আতাউর রহমান খানের জন্ম। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন তিনি। যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে ১৯৫৪ সালে ধামরাই-সাভার থেকে সাংসদ এবং পরে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তিনি আওয়ামী মুসলিম লীগের প্রথম সহসভাপতি। ১৯৮৪ সালের ৩০ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।