চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কারিবুল হককে প্রত্যাখ্যান করেছে পৌর আওয়ামী লীগের একাংশ। গতকাল সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম। তাঁকে সমর্থন জানিয়ে একই বক্তব্য উপস্থাপন করেন আরও দুই মনোনয়নপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইমানী আলী ও গোলাম কিবরিয়া।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ৮ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম রাব্বানী তাঁর বাসায় প্রার্থী মনোনয়নের জন্য সভা আহ্বান করেন। ওই সভায় কারিবুল হকের সমর্থকেরা আতিকুল ইসলামের সমর্থকদের ওপর হামলা করেন। এর পরিপ্রেক্ষিতে তাঁরা সভাস্থল ত্যাগ করতে বাধ্য হন। এরপর অন্যান্য মনোনয়নপ্রত্যাশী ও তাঁদের সমর্থকদের অনুপস্থিতিতেই অগঠনতান্ত্রিকভাবে কারিবুল হককে পৌর নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী মনোনয়নে নেতা-কর্মীদের মতামত না নিয়েই একতরফা সিদ্ধান্ত নিয়েছেন সাংসদ।
কারিবুল হক বলেন, ‘ওই সভায় হামলার কোনো ঘটনা ঘটেনি। শুধু দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। পৌরসভার নেতা-কর্মীদের অধিকাংশের সমর্থনই আমার পক্ষে ছিল।’
সাংসদ গোলাম রাব্বানী বলেন, ‘গঠনতন্ত্র মেনে নেতা-কর্মীদের সম্মতিতেই কণ্ঠভোটের ভিত্তিতে কারিবুল হককে প্রার্থী মনোনীত করা হয়েছে। এ ছাড়া আতিকুল ইসলামসহ অন্য মনোনয়নপ্রত্যাশীদের মুঠোফোনে বারবার ডাকা হয়। কিন্তু তাঁরা আসেননি।’