আ.লীগ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ১৯৪৮ সালে জন্ম নেওয়া আওয়ামী লীগ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এ দলের কত মানুষ জীবন দিয়েছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। যাঁরা আওয়ামী লীগ করেন তাঁরা প্রাণের টানে, নাড়ির টানে সংগঠন করেন।
গতকাল রোববার জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে জয়পুরহাট স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, লন্ডনে গোলটেবিল বৈঠক করে নয়।’ ২০০৫ সালের ৪ অক্টোবরের পর জয়পুরহাটে এবার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদপ্রার্থী মোল্লা শামসুল আলম প্রাির্থতা প্রত্যাহার করে নিলে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে শামসুল আলম সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে এস এম সুলায়মান পুনরায় নির্বাচিত হন।
সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে এই কাউন্সিল হতো না। সব দলকে নিয়ে নির্বাচন করার জন্য আওয়ামী লীগ বিএনপির প্রতি সংলাপে বসার আহ্বান জানিয়েছিল। কিন্তু তারা আসেনি। তারা না এসে নির্বাচন প্রতিহতের নামে বাড়িঘরে আগুন জ্বালিয়ে পুলিশকে হত্যা করেছে, মন্দির আক্রমণ করেছে। বেগম জিয়া নির্বাচন না করে ভুল করেছেন। একটি রাজনৈতিক দল নির্বাচন ছাড়া টিকতে পারে না।
মোহাম্মদ নাসিম আরও বলেন, গণতন্ত্রের জন্য শেখ হাসিনা আন্দোলন করেছেন, জেল খেটেছেন, মানুষ তাঁর সঙ্গে আছেন। ক্ষমতায় থাকলে কিছু ভুল হতে পারে, এ জন্য সমালোচনাও হতে পারে।
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সাংসদ শামছুল আলম।
এরপর বিকেলে স্বাস্থ্যমন্ত্রী জয়পুরহাট জেলা হাসপাতালে কার্ডিওলোজি বিভাগের উদ্বোধন এবং তালু ও ঠোঁটকাটা রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার উদ্বোধন করেন। জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালকে ১৫০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত হন। বেলা তিনটায় প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।