আ.লীগ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে: আশরাফ

১৯৪৮ সালে জন্ম নেওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, ‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, লন্ডনে গোলটেবিলে বৈঠক বসে বৈঠক করে নয়।’
আজ রোববার জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন। জয়পুরহাট স্টেডিয়ামে এ সম্মেলন হয়।
সৈয়দ আশরাফুল ইসলাম আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আওয়ামী লীগের অনেক মানুষ জীবন দিয়েছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। যাঁরা আওয়ামী লীগ করে তাঁরা প্রাণের টানে, নাড়ির টানে সংগঠন করে সংগঠনকে মানুষের মাঝে নিয়ে গেছেন। স্বাধীনতার জন্য অনেক মানুষকে রক্ত দিতে হয়েছে। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন।
খালেদা নির্বাচন না করে ভুল করেছেন
সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে এই কাউন্সিল হতো না। দেশে ‘মার্শাল ল’ আসত। সব দলকে নিয়ে নির্বাচন করার জন্য আওয়ামী লীগ বিএনপির প্রতি সংলাপে বসার আহ্বান জানিয়েছিল। কিন্তু তারা আসেনি। তারা না এসে নির্বাচন প্রতিহতের নামে বাড়িঘরে আগুন জ্বালিয়ে পুলিশকে হত্যা করেছে, মন্দিরে আক্রমণ করেছে। আওয়ামী লীগ সব সময় নির্বাচনের দল। তারা নির্বাচনে বিশ্বাস করে। বঙ্গবন্ধু ’৭০-এর নির্বাচনে অংশ না নিলে দেশ স্বাধীন হতো না। আওয়ামী লীগ শুধু ’৮৮-এর ছাড়া সব নির্বাচনে অংশ নেয়। একটি রাজনৈতিক দল নির্বাচন ছাড়া টিকতে পারে না। খালেদা জিয়া নির্বাচন না করে ভুল করেছেন। নির্বাচনী ট্রেন তিনি ফেল করেছেন। পাঁচ বছর পর নির্বাচন হবে। সেই নির্বাচনে তাঁকে অংশ নিতে হবে।
আন্দোলনে লাভ হবে না, নির্বাচন ২০১৯ সালে
গণতন্ত্রের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন করেছেন, জেল খেটেছেন, মানুষ তাঁর সঙ্গে আছে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ক্ষমতায় থাকলে কিছু ভুল হতে পারে, এ জন্য সমালোচনাও হতে পারে। খালেদা জিয়া গত পাঁচ বছর আগে ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গে বাংলা ভাই ও জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করেছেন। আওয়ামী লীগ জঙ্গিবাদ নির্মূল করে দেশে গ্রামেগঞ্জে শান্তি ফিরে এনেছে। গ্রামের মানুষ শান্তিতে আছেন। তাঁরা বিদ্যুৎ পাচ্ছেন, স্বাস্থ্যসেবা পাচ্ছেন। বিএনপির আন্দোলন করে লাভ হবে না, ২০১৯ সালে নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
কাউন্সিল অধিবেশনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ফারুক খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সাংসদ শামছুল আলম।
এরপর বিকেলে স্বাস্থ্যমন্ত্রী জয়পুরহাট জেলা হাসপাতালে কার্ডিওলোজি বিভাগের উদ্বোধন এবং তালু ও ঠোঁটকাটা রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়ারও উদ্বোধন করেন। জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালকে ১৫০ থেকে ২৫০ শয্যায় উন্নত করার ঘোষণা দেন।